‘ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি’ স্লোগানে বড় পরিসরে রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) আজ বুধবার শুরু হতে যাচ্ছে ডিজিটাল আইসিটি মেলা। সপ্তমবারের মতো ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬’ নামের এই মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও আহ্বায়ক তৌফিক এহেসান মেলার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবারের চেয়ে এবার আরও বড় পরিসরে ও জাঁকজমকভাবে মেলার আয়োজন করা হচ্ছে। দেশের সর্বস্তরের মানুষের মধ্যে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিয়ে, বহু প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিয়মিত এ মেলার আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলার কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত সরকার ও স্যামসাংয়ের পণ্য ব্যবস্থাপক এ বি এম বদিউজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় সাড়ে ছয় শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। বাড়তি আয়োজনের পাশাপাশি থাকবে বিশেষ ছাড়। মেলায় বাংলাদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবেন। মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন হিসেবে থাকছে প্রযুক্তিপণ্যের ওপর আকর্ষণীয় মূল্যছাড়, মেলা চলাকালীন প্রতিদিন র্যাফল ড্রর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার, ফ্রি ইন্টারনেট, ওয়াই-ফাই ও গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আধুনিক প্রযুক্তিপণ্যের প্রদর্শনীসহ নানা আয়োজন।
এ ছাড়া মেলার তৃতীয় দিনে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলার শেষ দিনে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য দেওয়া হবে গুণীজন সংবর্ধনা। এ ছাড়া তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দেওয়া হবে ক্রেস্ট এবং থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেলার পৃষ্ঠপোষক এইচপি, আসুস, স্যামসাং, লেনোভো, লজিটেক, এমএসআই, টিপি লিংক, রেপো ও ইসেট। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। শিক্ষার্থীদের জন্য মেলায় প্রবেশ ফ্রি।