আজ থেকে কম্পিউটার সিটিতে ঈদ উৎসব
‘ঈদে প্রিয়জনকে কম্পিউটার উপহার দিন’ এই স্লোগান নিয়ে আজ থেকে ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে ‘ঈদ উৎসব-২০১২’। এ উপলক্ষে বিসিএস সিটিকে বেলুন ও অন্যান্য উপকরণে বর্ণিল সাজে সাজানো হয়েছে। দুপুর ১২টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উৎসব প্রসঙ্গে বিসিএস সিটির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘বর্তমান সময়ে ঈদে প্রিয়জনকে প্রযুক্তিপণ্য উপহার দেওয়ার প্রচলন শুরু হয়েছে। এই ধারাকে আরও বেগবান করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে ক্রেতারা যেকোনো প্রযুক্তিপণ্য কিনলেই একটি কুপন পাবেন। আর এই কুপনগুলো থেকে লটারি করে প্রতি সপ্তাহে একটি ল্যাপটপসহ ১০টি পুরস্কার দেওয়া হবে।’এ উৎসবে বিসিএস সিটির প্রতিটি প্রতিষ্ঠান ও প্রযুক্তিপণ্য আমদানিকারকেরা ক্রেতাদের বিভিন্ন ছাড় ও উপহার দেবে।দুই সপ্তাহব্যাপী ঈদ উৎসব চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। বিসিএস কম্পিউটার সিটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত ক্রেতাদের জন্য খোলা থাকবে। উৎসবে পৃষ্ঠপোষকতা করছে আসুস, এলজি, নরটন, লজিটেক, স্যামসাং ও তোশিবা। —জিয়াউর রহমান চৌধুরী