আজ থেকে খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্বল্পমূল্যে এবং কম সময়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবাগুলো পৌঁছে দেওয়া এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্ভাবিত নানা ধরনের সেবার কৌশলগুলো জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে দেশে বিভাগীয় পর্যায়ে তৃতীয়বার এবং শিল্পনগর খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১০। খুলনা পাবলিক হলে তিন দিনব্যাপী এ মেলা শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে গত বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউসে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মসিউর রহমান, জেলা প্রশাসক মো. জমসের আহমেদ খন্দকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সিরাজুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) কর্মকর্তা মো. আতাউর রহমান মোল্লা।সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা কার্যক্রম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কীভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, তা তুলে ধরা হবে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প যৌথভাবে এ মেলার আয়োজন করছে।মেলার আয়োজকেরা জানান, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নয়টি স্টলসহ মোট ৩২টি স্টল থাকবে। আজ মেলা উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। তিন দিনব্যাপী এ মেলার সমাপন আনুষ্ঠানিকভাবে ২৮ নভেম্বর বিকেল পাঁচটায় ঘোষণা করা হলেও ২৯ নভেম্বর পর্যন্ত মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা ও সেবাবিষয়ক তথ্য কীভাবে অনলাইনে পাওয়া যাবে, তা প্রদর্শিত হবে। থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সেমিনার। —নিজস্ব প্রতিবেদক, খুলনা