আজ থেকে ঢাকায় ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ল্যাপটপ কম্পিউটার মেলা। এই মেলার আয়োজক এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন,‘মেলা সকাল ১০টা থেকে শুরু হবে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকেল চারটায়। এবার আমরা সবচেয়ে বড় আকারে এই মেলার আয়োজন করতে যাচ্ছি। মেলায় নতুন কিছু ল্যাপটপের ঘোষণা দেওয়া হবে।’ তিনি জানান, মেলায় প্রবেশের টিকিট বিক্রির টাকা সাংবাদিক লতিফুল হকের চিকিৎসা তহবিলে দেওয়া হবে।
এবারের মেলায় ৭টি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯টি স্টল থাকবে। মেলায় প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, নেটবুক কম্পিউটার এবং বিভিন্ন অনুষঙ্গ পাওয়া যাবে। প্রতিটি প্রতিষ্ঠানই মেলায় ছাড় দেবে। মেলায় সেমিনার, কর্মশালা এবং গেম প্রতিযোগিতা থাকছে।
এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘এডুমেকার’। সহপৃষ্ঠপোষক এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো। মেলা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। তবে স্কুলশিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।