আজ থেকে ঢাকায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল প্রযুক্তির সুবিধার মাধ্যমে জনগণ ও সরকারের মধ্যে দূরত্ব কমানোর লক্ষ্য নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১০’। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে তিন দিনের এই মেলা আজ শুরু হচ্ছে।এতে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে। বিজ্ঞান ও তথ্য যোগাযোগ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। আয়োজকেরা জনান, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন নতুন উদ্ভাবনকে জনগণের সামনে তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করবে মেলায়। উদ্ভাবনী মেলায় সরকারের ৮২টি সংস্থার স্টল থাকবে। এ ছাড়া থাকছে পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের আরও ২০টি স্টল। গণমাধ্যমের আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্যও মেলায় স্টল থাকবে। তিন দিনের উদ্ভাবনী মেলায় মোট ছয়টি সেমিনারের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, মেলায় ডিজিটাল সংসদের বিভিন্ন কার্যক্রম, স্বল্পতর সময়ে ‘ওয়ান স্টপ সার্ভিসের’ মাধ্যমে পাসপোর্ট তৈরি এবং দেশে প্রথমবারের মতো চালু হতে যাওয়া আইপি কমিউনিকেশন প্রযুক্তির মাধ্যমে ভিডিও ফোন কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে। এ ছাড়া মেলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের নাগরিক সেবাবিষয়ক তথ্য কীভাবে অনলাইনে পাওয়া যাবে সে তথ্য দেওয়া হবে। মেলায় নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য চারটি বিভাগের সেরাদের পুরস্কার দেওয়া হবে। মেলা চলবে ৬ মার্চ পর্যন্ত। প্রবেশ করতে কোনো টিকিট লাগবে না। মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। —বাদল খান