আজ থেকে ঢাকায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে সরকারি আয়েজনে শুক্রবার পর্যন্ত এই মেলা চলবে। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই মেলা সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হবে। বিজ্ঞান ও আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এ মেলার আয়োজক। সহযোগিতা করছে ডিনেট ও অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। আয়োজকদের সূত্রে জানা যায়, ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৩১টি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তিভিত্তিক নানা রকমের সেবা (ই-সার্ভিস) প্রদর্শন করা হবে। এ ছাড়া সরকারের বিভিন্ন বিভাগ, সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। মেলায় প্রতিটি মন্ত্রণালয়ের আলাদা আলাদা স্টল থকবে। মেলায় তথ্যপ্রযুক্তির বিষয়ভিত্তিক একাধিক সেমিনারের আয়োজন থাকছে। আগামীকাল মেলার দ্বিতীয় দিন জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার ২০১১ দেওয়া হবে। এই পুরস্কারের আয়োজক আইসিটি মন্ত্রণালয়, এটুআই ও ডিনেট। এতে ৩১টি পুরস্কার দেওয়া হবে। মেলার শেষ দিনে অংশ নেওয়া সেরা প্রতিষ্ঠানগুলোকেও পুরস্কৃত করা হবে।ডিজিটাল উদ্ভাবনী মেলা ও পুরস্কারের সহযোগী হিসেবে আছে প্রথম আলো, ডেইলি স্টার ও এটিএন নিউজ। এ মেলা সবার জন্য উন্মুক্ত। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে। —মোছাব্বের হোসেন