আজ থেকে ঢাকায় বিসিএস আইসিটি ওয়ার্ল্ড
আজ মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে বিসিএস ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত পাঁচ দিনের এ মেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ‘দিনবদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ স্লোগানে তথ্যপ্রযুক্তির এ প্রদর্শনীতে ৫২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকছে ৯০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন। প্রদর্শনীতে থাকছে সেলিব্রেটি শো, কুইজ প্রতিযোগিতা, পণ্য প্রদর্শনী, জাদু প্রদর্শনীসহ নানা আয়োজন। রয়েছে আউটসোর্সিং, ই-শিক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে চারটি সেমিনার। প্রদর্শনীর নানা আয়োজনের খবর থাকবে ওয়েব ফেয়ারেও। স্কুলশিক্ষার্থীদের জন্য থাকছে ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা ইত্যাদি। এ ছাড়া থাকছে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট বিনা মূল্যে ব্যবহারসহ অনলাইন টিভি, ভিডিও স্ট্রিমিং, আইপি টিভি, অনলাইন রেডিও, ইন্টারনেট গেমিং ইত্যাদি ব্যবহারের ব্যবস্থা। প্রতিদিনই টিকিটের ওপর থাকবে র্যা ফল ড্রর আয়োজন। এতে প্রতিদিনই নেটবুকসহ জনপ্রিয় ১০টি তথ্যপ্রযুক্তিপণ্য পুরস্কার দেওয়া হবে। প্রদর্শনীর প্রবেশমূল্য ২০ টাকা। তবে বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবে। এ ছাড়া রয়েছে অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা। আজ সকালে উদ্বোধনের পর প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। প্রদর্শনীর সহযোগিতায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল, অনুষ্ঠান ব্যবস্থাপনা সহযোগী মাত্রা। প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও হিটাচি। বিস্তারিত জানা যাবে www.bcsictworld.com.bd ঠিকানার ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক