আজ থেকে ঢাকায় ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা। রূপসী বাংলা হোটেলে বেলা ১১টায় মেলার উদ্বোধন হবে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেলা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার ২০১২’ নামের এই মেলার সমন্বয়ক বিপ্লব ঘোষ জানান, ল্যাপটপ কম্পিউটার বিক্রির পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তিগুলোও প্রদর্শন করা হবে এ আয়োজনে। এ ছাড়া থাকছে তথ্যপ্রযুক্তির সমসাময়িক বিষয়ে সেমিনার, শিক্ষাবৃত্তি প্রদান ইত্যাদি। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) মেলায় ‘অনলাইন আউটসোর্সিং’ বিষয়ে দুটি সেমিনারের আয়োজন করবে। এ ছাড়া ইন্টেলের ‘প্রযুক্তির উন্নয়ন’ এবং ট্রনের ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপণন’ বিষয়ে সেমিনার থাকছে মেলায়। সেমিনারে অংশ নিতে হলে মেলার আয়োজক বুথে বিনা মূল্যে নিবন্ধন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন ২০১২ সালে এসএসসি পরীক্ষায় আর্থিক, পারিবারিক ও শারীরিক সীমাবদ্ধতা নিয়ে জিপিএ-৫ পাওয়া ১১ জন শিক্ষার্থীকে দুই লাখ ২০ হাজার টাকার মেধাবৃত্তি দেবে। জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে এই ১১ জনকে বেছে নেওয়া হয়েছে। মেলার দ্বিতীয় দিন কাল শুক্রবার বিকেল তিনটায় মেলা প্রাঙ্গণে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, ক্রিকেটার তামিম ইকবাল এবং গলফার সিদ্দিকুর রহমান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেবেন।এবারের আয়োজনে ছয়টি প্যাভিলিয়ন, সাতটি মিনি প্যাভিলিয়ন ও ৪০টি স্টলে এসার, আসুস, এইচপি, ইন্টেল, স্যামসাং, গিগাবাইট, তোশিবা, অ্যাপল, ফুজিৎসু, লেনোভো, কিউবি, এমএসআই, বুলগার্ড, বিজয়সহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ওয়াইম্যাক্স ইন্টারনেট মডেম ও অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। এ ছাড়া থাকছে প্রতিদিন স্মার্টফোন, ল্যাপটপ, মোবাইল ফোনসেট এবং মেগা ড্রতে এলসিডি টিভি জেতার সুযোগ।মেলায় সর্বনিম্ন ৩৩ হাজার টাকায় আসুসের ল্যাপটপ পাওয়া যাবে। এছাড়া প্রতিটি ল্যাপটপের সঙ্গে থাকছে উপহার। স্মার্ট টেকনোলজিস বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপে দিচ্ছে স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার। বিশেষ ছাড়ে সবচেয়ে কমদামি সনি ভায়ো ল্যাপটপ পাওয়া যাবে রিশিত কম্পিউটার্সের স্টলে।এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক কিউবি। সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, এইচপি, স্যামসাং ও ইন্টেল। সহযোগী হিসেবে থাকছে এবিসি রেডিও, আজকের ডিল, এখনই ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বিডিওএসএন এবং ওরাটর পিআর। মেলা ৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। —জিয়াউর রহমান চৌধুরী