আজ থেকে ঢাকায় সফটওয়্যার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সবচেয়ে বড় মেলা ‘বেসিস সফটএক্সপো-২০১০’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘ডিজিটাল বাংলাদেশ ইন অ্যাকশন’ স্লোগান নিয়ে এবারের মেলায় দুই শতাধিক সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ সকাল সাড়ে নয়টায় মেলার আনুুষ্ঠানিক উদ্বোধন হবে। বেসিসের সভাপতি হাবিবুল্লাহ এন করিম প্রথম আলোকে জানান, এবারের মেলায় বহুজাতিক সফটওয়্যার বিক্রেতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রযুক্তি সংগঠন, দেশীয় সফটওয়্যার উন্নয়ন প্রতিষ্ঠান অংশ নেবে। বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠানের সফল তথ্যপ্রযুক্তি প্রকল্প, সরকারি প্রতিষ্ঠানগুলোর ই-গভর্নেন্স প্রকল্পসহ নানা কিছু মেলায় দেখানো হবে। আনুষ্ঠানিক উদ্বোধনের পরই মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবারের মেলায় থাকছে ১৫০টি স্টল ও প্যাভিলিয়ন। বরাবরের মতো এবারও প্রতিদিনের মেলায় থাকছে সেমিনার, কর্মশালা ও মতবিনিময় সভা। এ ছাড়া থাকছে তরুণদের উদ্ভাবিত প্রযুক্তি প্রকল্পের প্রদর্শনী, পুরস্কার এবং সিইও নাইট আয়োজন। পুরো মেলায় সব মিলিয়ে ১০টি সেমিনার থাকছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন রোধে তথ্যপ্রযুক্তি নীতিমালার ভূমিকা, ডিজিটাল বাংলাদেশের রোডম্যাপ, ই-কমার্সের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রস্তুতি, প্রাসঙ্গিক সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মডেল, ইলেকট্রনিক লেনদেন ইত্যাদি। বেসিসের কোষাধ্যক্ষ ফারহানা এ রহমান জানান, পুরো মেলায় ব্যবসায়িক সফটওয়্যার, আউটসোর্সিং, মোবাইল ফোন, বাংলা, ই-কমার্স, তথ্যপ্রযুক্তি শিক্ষাসহ বিভিন্ন অঞ্চলে স্টলগুলো থাকবে। এবারের মেলার একটি সেমিনারে ২০টিরও বেশিদেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ পাবে। গ্রামীণফোনের মোবাইল ফোন থেকে BASIS লিখে ২৭৭৭ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রবেশ টিকিটের কোড নম্বর পাওয়া যাবে। বেসিস সফটএক্সপোর প্লাটিনাম পৃষ্ঠপোষক গ্রামীণফোন এবং গোল্ড পৃষ্ঠপোষক হিসেবে আছে রিভ সিস্টেম। মেলার বিস্তারিত তথ্য www.softexpo.com.bd ঠিকানার ওয়েবসাইট থেকে জানা যাবে। —নুরুন্নবী চৌধুরী