আজ থেকে ঢাকায় স্মার্টফোন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ থেকে শুরু হচ্ছে ‘রবি স্মার্টফোন ও ট্যাব মেলা ২০১৪’ শিরোনামের মেলা। এক্সপো মেকারের আয়োজনে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ মেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। ঢাকার একটি হোটেলে গতকাল বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। মেলার নানা তথ্য তুলে ধরেন এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাঈন সিদ্দিকী ও গণমাধ্যম সমন্বয়কারী আল-আমীন দেওয়ান। সম্মেলনে জানানো হয়, মেলায় থাকবে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও অ্যান্টিভাইরাস। সব পণ্যের সঙ্গে থাকছে বিশেষ মূল্যছাড় ও উপহার। মেলা প্রাঙ্গণে আয়োজন করা হবে একাধিক সেমিনার।
মেলায় স্যামসাং, নকিয়া, সিম্ফনি, এলজি, আসুস, এসার, লেনভো, ফ্লোরা লিমিটেড, আরকোস, আয়নল, গ্যাজেট গ্যাং ৭, কোবিসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব নির্মাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এ ছাড়া মেলায় থাকছে মোবাইল ফোনের জন্য অ্যান্টি ভাইরাস সফটওয়্যার প্যান্ডা ও অ্যাভিরা।
মেলায় ১০টি প্যাভিলিয়ন ও আটটি স্টলে স্মার্টফোন ও ট্যাবের বিভিন্ন মডেলের পণ্য প্রদর্শিত হবে বলেও জানান। আজ সকাল ১০টায় উদ্বোধন শেষে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেলায় ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলা উপলক্ষে ফেসবুক পেজেও থাকছে বিশেষ প্রতিযোগিতা এবং স্মার্টফোন পুরস্কার। —রাহিতুল ইসলাম