আজ থেকে বন্ধ এক্সপির হালনাগাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির হালনাগাদ সেবা। এক যুগেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের আর কোনো হালনাগাদ দেবে না মাইক্রোসফট। আনুষ্ঠানিকভাবে উইন্ডোজের নতুন সংস্করণ ব্যবহারেরও পরামর্শ দিয়ে আসছিল বিশ্বখ্যাত এ সফটওয়্যার প্রতিষ্ঠান। মূলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এবং সাইবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে এক্সপি হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ, এক্সপির হালনাগাদ বন্ধ হলে অ্যান্টিম্যালওয়্যার সিস্টেমের সুবিধাগুলোও আর থাকবে না।
অনেক দিন ধরেই উইন্ডোজ এক্সপি থেকে পরবর্তী কোনো সংস্করণের অপারেটিং সিস্টেম হালনাগাদ করে নেওয়ার কথা পরামর্শ দিয়ে আসছে মাইক্রোসফট। আজ থেকে উইন্ডোজ এক্সপির নিরাপত্তার জন্য মাইক্রোসফট নিরাপত্তাবিষয়ক সফটওয়্যারের কোনো সংস্করণ আর পাওয়া যাবে না।
প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যেহেতু নিরাপত্তার বেশ কিছু দিক উন্মুক্ত হয়ে যাবে এবং মাইক্রোসফটও কোনো হালনাগাদ দেবে না, তাই এক্সপি থেকে উইন্ডোজের নতুন সংস্করণে হালনাগাদ করে ফেললে নিরাপদ থাকা যাবে। এ ছাড়া উইন্ডোজের নতুন সংস্করণগুলোতে আরও উন্নত সুবিধা, নিরাপত্তাব্যবস্থা ইত্যাদি বেশ সক্রিয় বলেও ব্যবহারকারীরা নিরাপদেই থাকবেন। যাঁরা এক্সপি থেকে নতুন সংস্করণে হালনাগাদ করতে চান, তাঁরা মাইক্রোসফটের ওয়েবসাইটে থাকা বিশেষ টিউটোরিয়াল দেখে নিতে পারেন। বিস্তারিত: http://windows.microsoft.com/en-us/eos। —মাইক্রোসফট অবলম্বনে কাজী আলম