আজ থেকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রযুক্তি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা সংগঠন দি ইন্টাস এন্টারপ্রাইজের (টাই) যৌথ উদ্যোগে আজ থেকে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির টাই সদর দপ্তরে শুরু হচ্ছে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট ২০১৩’।

এই সম্মেলনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের নানা দিক আলোচনা করা হবে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও পরস্পরের সঙ্গে  মতবিনিময় করতে পারবে।

সম্মেলনে নির্ধারিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ১৭ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়া ইউএস হাউস অব রিপ্রেজেনটেটিভ কংগ্রেসম্যান মাইকেল হোন্ডা, সিটি অব সানিভেইল ক্যালিফোর্নিয়ার মেয়র অ্যান্থনি স্পিতলেরি, তথ্যপ্রযুক্তিবিদ সজীব এ ওয়াজেদ, অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, টাই সিলিকন ভ্যালির সভাপতি ভেঙ্কটেশ শুক্লা, ইউএস প্যান-এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান আজিজ আহমদ, ইউএস-বাংলাদেশ পার্টনারসের প্রধান নির্বাহী জয়েস মুই এবং বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, জ্যেষ্ঠ সহসভাপতি ও সামিটের আহ্বায়ক শামীম আহসান, মহাসচিব রাসেল টি আহমেদ।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের শতাধিক তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও পেশাজীবী নেতা, কূটনীতিকের পাশাপাশি বাংলাদেশ থেকে প্রায় অর্ধশত তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা অংশ নিচ্ছেন। সম্মেলনের সহযোগিতা দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড, ইউএস-প্যান এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স, ইউএস-বাংলাদেশ পার্টনারস, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্টস (এএবিইএ) ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

সম্মেলন শেষে বেসিস প্রতিনিধিদের ইন্টেল ও গুগলের প্রধান কার্যালয় পরিদর্শনের কথা রয়েছে। এই সম্মেলন এবার দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে।  —বিজ্ঞপ্তি