আজ থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে শুরু হচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের বার্ষিক উত্সব ‘সিএসই কার্নিভাল’। তিন দিনের এ আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি থাকছে জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি)। চলতি বছর বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় শাবিপ্রবিতে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮৮টি দল অংশ নিচ্ছে। উত্সবের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল গতকালবুধবার প্রথম আলোকে জানান, এবারের কার্নিভালে প্রতিযোগিতার পাশাপাশি থাকছে ল্যাপটপ মেলা, সফটওয়্যার প্রদর্শনীসহ নানা আয়োজন। উত্সবের তিন দিনই ল্যাপটপ মেলা ও সফটওয়্যার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগামীকাল এবং পরের দিন হবে গেমস ও প্রোগ্রামিং প্রতিযোগিতা। উত্সবের মূল পৃষ্ঠপোষক মাইক্রোসফট, টেলিটক, আইসিটি মন্ত্রণালয় ও স্যামসাং। উত্সবের ওয়েবসাইট: www.sust.edu/ csecarnival। —নুরুন্নবী চৌধুরী