আজ থেকে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা
শুধু ল্যাপটপ কম্পিউটার নিয়ে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় উদ্বোধনের পরেই মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ‘লিট আপ দি টেকনোলজিক্যাল লাইট’ স্লোগানে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে এবারের মেলা। মেলায় থাকছে সর্বশেষ প্রযুক্তির নানা ধরনের ল্যাপটপের সম্ভার। মেলার আয়োজক মেকার কমিউনিকেশনের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক আসিফ সারোয়ার খান প্রথম আলোকে জানান, আমরা আশা করছি এবারের মেলায় আগেরবারের বিক্রি ছড়িয়ে যাবে। পাশাপাশি মূল্যের ক্ষেত্রেও রয়েছে বিশেষ ছাড়সহ নানা অফার-সুবিধা। মেলায় সব শ্রেণীর দর্শক তাঁদের পছন্দ অনুযায়ী ল্যাপটপ পাবেন। এবারের মেলায় থাকছে ১৫টি প্যাভিলিয়ন ও পাঁচটি স্টল। এ ছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন থাকছে বিনোদনমূলক অনুষ্ঠান, প্রযুক্তি ফ্যাশন শো ও কুইজ প্রতিযোগিতা। মেলার মূল পৃষ্ঠপোষক সিটিসেলের প্যাভিলিয়নে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলার সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, এইচপি ও লেনোভো; অনলাইন সহযোগী বিডি জবস ডট কম এবং রেডিও সহযোগী রেডিও এবিসি। —নুরুন্নবী হাছিব