আজ থেকে শুরু হচ্ছে সিটিআইটি মেলা
আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে বিসিএস কম্পিউটার সিটি বার্ষিক মেলা। সিটিআইটি ২০১০ শিরোনামে আয়োজিত এ মেলায় নানা ধরনের প্রযুক্তির পণ্য প্রদর্শনের পাশাপাশি থাকছে পণ্যের ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুবিধা। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ বিকেল তিনটায় উদ্বোধনের পর বিকেল পাঁচটা থেকে মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারই প্রথম পুরো মেলা প্রাঙ্গণ থাকছে তারহীন উচ্চগতির ইন্টারনেট ওয়াইম্যাক্সের আওতায়। মেলা উপলক্ষে পুরো সিটিআইটি প্রাঙ্গণ বিশেষভাবে সাজানো হয়েছে। মেলার আহ্বায়ক এ এস এম আবদুল মুক্তাদির প্রথম আলোকে জানান, এবারের মেলায় দর্শকদের জন্য সর্বশেষ প্রযুক্তি পণ্য বিশেষ মূল্যে দেওয়ার পাশাপাশি থাকছে নানা ধরনের উপহার। এবারের মেলায় থাকছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেম ও ডিজিটাল ফটোগ্রাফির প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন। এ ছাড়া মেলার মূল মঞ্চে প্রতিদিন থাকছে বিনোদনমূলক অনুষ্ঠান, তথ্যপ্রযুক্তি ও বিসিএস কম্পিউটার সিটির উন্নয়নে অবদানের জন্য আজীবন সম্মাননা, গুণীজন সংবর্ধনা। কম্পিউটার সিটির তৃতীয়তলার খোলা জায়গায় (টেরেসে) সফটওয়্যার ও বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রদর্শনী থাকবে। মেলার টিকিটের মূল্য ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিদিনের টিকিট নিয়ে মেলার শেষ দিন রয়েছে র্যাফল ড্র এবং পুরস্কার হিসেবে থাকছে গাড়ি, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। —নিজস্ব প্রতিবেদক