আজ ধারণাপত্র উপস্থাপন করবেন ঢাকার প্রতিযোগীরা
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এর প্রথম পর্বের বিচারকাজ আজ শনিবার সকাল নয়টা থেকে ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে শুরু হবে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই বিচারকাজ। এই পর্বে নির্বাচিত ৩৫০টি দলের মধ্যে ঢাকা শহরে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক দল তাদের

মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যাপ) ধারণা বিচারকদের সামনে উপস্থাপন করবে। ঢাকার বাইরের দলগুলোর উপস্থাপন পর্বের তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন বিচারকমণ্ডলীর সমন্বয়ক রাজেশ পালিত।
রাজেশ পালিত জানান বিচারকদের ২০টি দল আজ বিচারকাজ পরিচালনা করবে। শিক্ষক, বিশেষজ্ঞ, অ্যাপ নির্মাতা ও তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের প্রতিনিধিদের সমন্বয়ে বিচারকমণ্ডলী গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘পরবর্তীতে ঢাকার বাইরের দলগুলোর ধারণাপত্র উপস্থাপনের পর নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিতদের নিয়ে হবে গ্রুমিং সেশন।’
প্রতিযোগিতায় জমা পড়া ৭৪৩টি ধারণাপত্রের মধ্যে ৫০০টি প্রাথমিকভাবে বাছাই করা হয়। গত মাসে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বুটক্যাম্প থেকে ৩৫০টি দল বাছাই করা হয়। —নিজস্ব প্রতিবেদক