আজ পাঠ্যপুস্তকের ই-বুক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার তাঁর কার্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব পাঠ্যপুস্তক নিয়ে তৈরি ই-বুকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করেছে।মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ এই ই-বুক ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারসহ ই-বুক রিডার, মোবাইল ফোন, পিডিএ, সিডি প্লেয়ার ও আইপ্যাডে পাঠযোগ্য। ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক স্তরের ৩৩টি এবং মাধ্যমিক স্তরের ৭৩টিসহ মোট ১০৬টি পাঠ্যপুস্তক ইতিমধ্যেই ই-বুকে রূপান্তরের কাজ সম্পন্ন হয়েছে। এসব ই-বুক রাখা হয়েছে www.ebook.gov.bd ঠিকানার ওয়েবসাইটে। সাইট থেকে বিনা মূল্যে পড়া বা সংগ্রহ করা যাবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ভবিষ্যতে এসব ই-বুকে যুক্ত করা হবে ‘লেখা থেকে কথা বলা’ প্রযুক্তি।সকাল ১১টায় প্রধানমন্ত্রী ই-বুক কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফসারুল আমীন উপস্থিত থাকবেন। —বিজ্ঞপ্তি