আজ বার্লিনে শেষ হচ্ছে মুক্ত জ্ঞানের উৎসব

নানা আয়োজনের মধ্য দিয়ে জার্মানির বার্লিনে চলছে মুক্ত জ্ঞানের উৎসব। মুক্ত জ্ঞান ও মুক্ত তথ্যবিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজক অলাভজনক প্রতিষ্ঠান ওপেন নলেজ ফাউন্ডেশন (ওকেএফ)। গত মঙ্গলবার বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় তিন দিনের উৎসব। আনুষ্ঠানিকভাবে উৎসব শেষ হবে আজ। এবার উৎসবের উদ্বোধন করেন ওকেএফের সহপ্রতিষ্ঠাতা রুফুস পোলক ও প্রধান নির্বাহী লাউরা জেমস। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক গুগল, অমিডায়ার নেটওয়ার্ক, ওপেন ডেটা, ওপেন করপোরেটসহ অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেন।
রুফুস পোলক বলেন, মুক্ত তথ্য এবং মুক্ত জ্ঞানকে ছড়িয়ে দিয়ে সারা বিশ্বের অনেকেই এ উৎসবে যোগ দিয়েছেন। এটা সত্যিকার অর্থেই দারুণ এক উৎসব। উদ্বোধনের পর শুরু হয় প্রদর্শনী। বার্লিনের প্রায় শত বছর পুরোনো সাংস্কৃতিক কেন্দ্র কুলটুরব্রাইউরির একটি কক্ষে চলে এ প্রদর্শনী। প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের মুক্ত তথ্যের নানা বিষয় তুলে ধরা হয়। উৎসবে অংশ নেওয়া ওকেএফ চীনের দূত ফেং গাও জানান, একসঙ্গে সারা বিশ্বের মুক্ত জ্ঞান নিয়ে কাজ করা অনেকেই অংশ নিয়েছে এ উৎসবে। অনেক কিছু যেমন শেখা যাচ্ছে, তেমনি আমাদের নিজেদের কাজগুলোও অন্যদের সঙ্গে শেয়ার করা যাচ্ছে।
সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার একাধিক সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ওপেন গভর্নমেন্ট ডেটা আপডেটস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওপেন এডুকেশন রিসোর্স অ্যান্ড পলিসি, ওপেন অ্যাকসেস গ্লোবাল রিভিউ, গভর্নমেন্ট বাজেট: জয়েনিং দ্য ডটস, বিল্ডিং দ্য ওপেন কোয়ালিশন ইত্যাদি। উৎসবের বিস্তারিত (http://2014.okfestival.org)
—নুরুন্নবী চৌধুরী, বার্লিন (জার্মানি) থেকে