আজ বেসিস নির্বাচন, নয় পদে ১৯ প্রার্থী
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের প্রভাবশালী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১০-১২ মেয়াদের নির্বাহী কমিটি গঠনের নির্বাচন আজ। ঢাকার কারওয়ান বাজারে বেসিসের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে সরাসরি দুটি প্যানেলে ১৮ জন এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রথমে ১০ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও পরে নির্বাচনের তারিখ পেছানো হয়। এবার বেসিসের ভোটার সংখ্যা ২০৭। এর মধ্যে সহযোগী সদস্য ভোটার ১৯ জন। তবে সংগঠনটির সদস্যসংখ্যা ৩৫০ জন (সহযোগী ৬৭ জন)। সদস্যের তুলনায় ভোটার সংখ্যা কম হওয়া সম্পর্কে নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান এস এম কামাল জানান, বাণিজ্য সংগঠনের পরিচালকের (ডিটিও) নিয়ম মেনে ভোটার হতে হয়। যেমন নির্ধারিত সদস্যফি, কিছু কাগজপত্র সময়মতো জমা না দেওয়ায়বেসিসের অনেক সদস্যই এবার ভোটার হতে পারেননি। প্রথমে ভোটার সংখ্যা এত কম ছিল যে ডিটিওর অনুমতি নিয়ে নির্বাচনের সময় পিছিয়ে দেওয়া হয়। আজ নির্বাচনে বেসিসের নির্বাহী কমিটির নয়জন সদস্য নির্বাচিত হবেন। ১৮ মে তাঁদের মধ্যে নির্বাচনের মাধ্যমে পদ বণ্টন করা হবে। রেইনবো এবং অ্যাকশন টিম নামে দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। রেইনবো টিমের নেতৃত্ব দিচ্ছেন ডেটাসফট সিস্টেমসের মাহবুব জামান। আর অ্যাকশন টিমের নেতৃত্বে আছেন এথিকস অ্যাডভান্স টেকনোলজির এম এ মুবিন খান।মাহবুব জামান জানান, ‘আমরা বেসিসকে প্রাণবন্ত এবং সক্রিয় সংগঠনে পরিণত করতে চাই। সফটওয়্যার ব্যবসা ও রাজস্ব আয়ের ধরনে পরিবর্তন আনা, বেসিসের কাজে নতুন-পুরোনোর মিশেল, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কাজে নতুন মাত্রা আনা, আউটসোর্সিংয়ের কাজে নিয়োজিত তরুণদের সহায়তা দেওয়া ইত্যাদি কাজ করার অঙ্গীকার করেছে রেইনবো টিম। এ প্যানেলের অন্য প্রার্থীরা হচ্ছেন ফারহানা এ রহমান, তামজীদ সিদ্দিক, এ কে সাব্বির মাহমুদ, টি আই এম নূরুল কবির, ফোরকান বিন কাসেম, সৈয়দ আলমাস কবির, এ কে এম ফাহিম মাশরুর ও মুজতবা সাত্তার (সহযোগী)।নির্বাচিত হলে অ্যাকশন টিম ইন্টারনেটের মূল্য কমানোর উদ্যোগ নেবে বলে জানান এম এ মুবিন খান। এই প্যানেল সফটওয়্যার প্রতিষ্ঠানের মেধাসম্পদের মূল্যায়ন ৫ থেকে ৫০ শতাংশে উন্নীত করা, মহাখালীতে আইটি পার্ক নির্মাণ, স্থানীয় বাজার উন্নয়ন, বিসিএসে তথ্যপ্রযুক্তি ক্যাডার চালু করা ইত্যাদি উদ্যোগ নেবে। এ প্যানেলের অন্য প্রার্থীরা হলেন এস কবির আহমেদ, এম শোয়েব চৌধুরী, শাফকাত হায়দার, নাজনীন কামাল, মো. সাইদুল ইসলাম মজুমদার, মো. তোফাজ্জল হোসেন মোল্লা, শেখ আবু রেজা ও সহযোগী কোটায় আরিফ আহমেদ চৌধুরী। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হলেন আজগর হোসেন (সহযোগী)। এবারের নির্বাচনে বেসিসের বর্তমান কমিটির মাত্র দুজন অংশ নিচ্ছেন। —নিজস্ব প্রতিবেদক