আজ ব্যবহারকারীদের মুখোমুখি হচ্ছেন মার্ক জাকারবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

আজ ৬ নভেম্বর প্রথমবারের মতো ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ব্যবহারকারীদের মুখোমুখি হচ্ছেন। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এ ওয়েবসাইটের নানা বিষয় নিয়ে ব্যবহারকারীরা ইন্টারনেটে সরাসরি জাকারবার্গকে প্রশ্ন করতে পারবেন।
ইতিমধ্যে এ নিয়ে একটি বিশেষ ইভেন্ট পাতাও ফেসবুকে খোলা হয়েছে। ‘কিউ অ্যান্ড এ উইথ মার্ক’ (www.facebook.com/qawithmark) নামের এ পেজে যে কেউ প্রশ্ন করতে পারবেন। আজ প্রশান্ত মহাসাগরীয় সময় বেলা দুইটায় (বাংলাদেশ সময় ৭ নভেম্বর ভোর চারটা) এ প্রশ্নোত্তর পর্ব শুরু হবে।
ইভেন্ট পাতায় এক পোস্টে মার্ক জানিয়েছেন, ‘এটাই প্রথম সরাসরি ফেসবুক আয়োজিত প্রশ্ন ও উত্তর পর্ব। এতে যে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে কিংবা কোনো প্রশ্ন পছন্দ হলে সেটিতে লাইক দিয়ে ভোট দিতে পারেন। এক ঘণ্টা এ আয়োজন চলবে এবং আমি চেষ্টা করব সব ধরনের প্রশ্নের উত্তর দিতে।’ এ ছাড়া এ আয়োজন চলার সময়ে এ পেজে সরাসরি সম্প্রচারিত হবে পুরো পর্ব। পরে এ ভিডিও ইভেন্ট পাতায়ও আলাদাভাবে পোস্ট করা হবে। এই পাতায় গতকাল ৫ নভেম্বর রাত সাড়ে নয়টা পর্যন্ত ৭৫ হাজার ৩১৬ লাইকও পড়েছে।
এ ছাড়া সম্প্রতি ফেসবুকের কাছে সরকারিভাবে তথ্য চেয়ে আবেদনের বিষয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ফেসবুকের কাছে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে মোট ৩৪ হাজার ৯৪৬টি।
ফেসবুক জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে সরকারিভাবে ফেসবুক ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার গত বছরের শেষার্ধের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। এ ছাড়া একই সময়ে স্থানীয় আইনের বাধ্যবাধকতায় ফেসবুকে কনটেন্ট সরিয়ে ফেলার হারও ১৯ শতাংশ বেড়েছে। বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশ সরকারও ১৭টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। গত বছর ১২ জনের তথ্য ফেসবুকের কাছে চেয়েছিল বাংলাদেশ সরকার।
—ফেসবুক, বিবিসি ও রয়টার্স অবলম্বনে নুরুন্নবী চৌধুরী