আজ ব্যাংককে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সভা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আঞ্চলিক পরামর্শ সভা। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের অভূতপূর্ব বিকাশের ফলে বিশ্বব্যাপী নাগরিকদের মত প্রকাশের সুযোগ অনেক বেড়েছে। অন্যদিকে প্রযুক্তির বিকাশের কারণে দেশে দেশে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোও এ ব্যাপারে তাদের নিয়ন্ত্রণ কড়াকড়ি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অনলাইনে নজরদারির বিষয়টি প্রকাশিত হওয়ার পর এ নিয়ে বিভিন্ন দেশে উদ্বেগ ও উত্কণ্ঠা দেখা দিয়েছে। মত প্রকাশের সঙ্গে ইন্টারনেটের সংযুক্তির তিনটি বিশেষ দিক—প্রবেশাধিকার, নজরদারি ও রাজনৈতিক উপাদান এই সভায় আলোচিত হবে।

পরামর্শ সভার অন্যতম আয়োজক বাইটস ফর অলের নির্বাহী পরিচালক সেহজাদ আহমেদ বলেছেন, এই পরামর্শ সভার মাধ্যমে এশিয়ার সুশীল সমাজ ইন্টারনেটের ওপর সরকারি ও বেসরকারি নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে সক্ষম হবে।
বাংলাদেশ, জাপান, কোরিয়াসহ এশিয়ার ২৬টি দেশের ১২৩ জন প্রতিনিধি এই পরামর্শ সভায় যোগ দিচ্ছেন। ২৩ নভেম্বর এ সভা শেষ হবে।—মুনির হাসান, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে