
আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি। সেই বাড়ির পাশে ছোট্ট একটি বাগান। বাড়িটিতে থাকা টুকটুক কথা বলা ফুটফুটে মেয়েটি বাগানের ভেতর ঘোরাঘুরি করছে আজ। হলদে রঙের শাড়ি পরে কী মায়া লাগানো দৃষ্টিতে গাছগুলোর দিকে তাকিয়ে আছে সে। নূপুরের নিক্বণে এদিক-সেদিক যায় আর গাছগুলোকে কী গভীর মমতায় ধরে দেখে। এই বাগানের অনেক গাছ তার হাতের স্পর্শে বড় হয়েছে। গাছগুলোর কোনোটায় ফুল ধরেছে, কোনোটায় ফল, কোনোটা শুধুই সবুজ, কোনোটা আবার দাঁড়িয়ে আছে একেবারেই বিমর্ষ হয়ে। শরতের ছোট ছোট ফুল ধরা শিউলিগাছের তলায় মেয়েটি আনমনে হাসছে। গাছটি তার পাঁচ বছরের ছোট। যেদিন লাগিয়েছিল, সেদিন আকাশভরা মেঘ, আসি-আসি বৃষ্টি, মেয়েটির বাবা বললেন, ‘এখনই লাগিয়ে দে।’ মাটি খুঁড়ে চারা লাগিয়ে কোমল হাতে মাটিগুলো আবার চেপে দিতেই বৃষ্টি। সে কী তুমুল বৃষ্টি! বাতাসের বেগে চারা গাছ এতই কাঁপছে, মেয়েটি বাবাকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। কী আর করা, বৃষ্টিতে ভিজে ভিজে চারা গাছ পাহারা দিল দুজনে। এই গাছ এখন কত বড়, কী সুন্দর ফুল দেয়, সৌরভে চারদিক স্নিগ্ধ হয়ে ওঠে। প্রতিবার শরতের দুর্গাপূজায় মেয়েটির মা চান ফুলগুলো পূজায় দিতে, মেয়েটি তা কখনোই দেয় না। কেন দেয় না! ফুলগুলো নাকি এই গাছের ছোট ছোট মেয়ে। তাদের আপন মায়ের কাছ ছেড়ে কোথাও নেওয়া চলবে না। মায়ের ছায়ায় সবচেয়ে বেশি সুখ, মায়ের ছায়া দুঃখ-বৃষ্টি পড়তে দেয় না, এই মাকে ছেড়ে তাদের দূরে নিতেই দেবে না সে। তবে যে আজ! আজ যে সে-ই তার মায়ের কাছ ছেড়ে চলে যাচ্ছে!
বাড়ি সাজানোর কাজ চলছে পুরোদমে। পিঠাপিঠি ভাইটি সব সামলাচ্ছে। দুষ্টু ভাইটি আজ কী যে ব্যস্ত, আজ কোনো দুষ্টুমিই করছে না তার সঙ্গে, শুধু কাজ আর কাজ।
বাবা বসে আছেন পুরোহিতের সঙ্গে, কত রকম আচার-অনুষ্ঠান। আজ আর মেয়েটিকে নিয়ে কোনো কিছু পাহারা দেওয়ার সময়ই পাচ্ছেন না।
মা কোথায়, মা তো আসতে পারতেন। মা-ও আসেন না। মেয়েটি যে চলে যাবে, মেয়েটি যে অন্যের ঘরে মাকে ছাড়া থাকবে, মা কি বোঝেন না! মা কেন আসেন না!
বান্ধবীরা মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে সারা ঘরময়, মেয়েটি বাগানের ভেতর শিউলিগাছের নিচে। এক-দুটি ফুল মাঝেমধ্যে ঝরে পড়ে, সেই ঝরা ফুল বুকে জড়িয়ে বসে আছে সে।
আজ মেয়েটির বিয়ে। আজ মেয়েটির এই কাঁঠালচাঁপা, এই শিউলি ফুল, এই কাঠবাদাম, খুব খুব প্রিয় মা-বাবা, ভাই সবাইকে ছেড়ে অন্যের ঘরে যাওয়ার দিন। আজও সে এদিকে তাকায়, কাকে যেন খোঁজে। বিড়বিড় করে, এই যে শিউলিগাছ, আমার কথাটি শুনবে? তুমি কি আমার সঙ্গে যাবে?
তুষার রায়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
[email protected]