আজ শুরু হচ্ছে ডিজিটাল মেলা
আজ রাজধানীতে শুরু হচ্ছে চার দিনের ডিজিটাল এক্সপো মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) আয়োজনে বিসিএস ডিজিটাল এক্সপো ২০১০ শিরোনামের এ মেলা আজ উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। হোটেল শেরাটনে হবে এ মেলা। মেলায় ডিজিটাল কর্মপদ্ধতি, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক যন্ত্রপাতি, পণ্য ও সেবা নিয়ে ডিজিটাল জীবনধারাভিত্তিক নানা ধরনের প্রদর্শনীর আয়োজন থাকছে। পাশাপাশি এ মেলার মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এশিয়া ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি শিল্প খাতের সংগঠনগুলোর সংস্থা—এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) বিশেষ অনুষ্ঠান ‘অ্যাসোসিও মাল্টিল্যাটারাল ট্রেড ভিজিট ২০১০’। বিসিএসের মহাসচিব মজিবুর রহমান বলেন, বর্তমানে আমাদের সামাজিক জীবনে প্রযুক্তির একটি ব্যাপার ইতিমধ্যে চলে এসেছে। ডিজিটাল সংস্কৃতির সঙ্গে সাধারণ মানুষকে পরিচয় এবং সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এ মেলা বিশেষ সহযোগিতা করবে।মেলায় ৪৫টি প্রতিষ্ঠান ২০টি প্যাভেলিয়ন ও ৪২টি স্টলে প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে। পাশাপাশি থাকছে সেমিনার ও বিশেষ অনুষ্ঠান। মেলায় থাকছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ, ওয়াই-ফাই ও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। মেলার সার্বিক আয়োজন নিয়ে মেলার আহ্বায়ক শাহিদ-উল-মুনীর প্রথম আলোকে জানান, মেলায় নানা ধরনের আয়োজনের মধ্যে অন্যতম থাকছে তথ্যপ্রযুক্তি খাতে বাণিজ্যিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধকরণ, পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে বিশেষ অ্যাসোসিও ট্রেড ভিজিট। মেলায় প্রবেশের টিকিট মূল্য ২০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। মেলার সহযোগী বিজনেস প্রমোশন কাউন্সিল, প্ল্যাটিনাম পৃষ্ঠপোষক এক্সিয়েটা (বাংলাদেশ) লিমিটেড, গোল্ড পৃষ্ঠপোষক স্যামসাং ও মাইক্রোসফট, অফিশিয়াল ব্যাংক হিসেবে রয়েছে সাউথইস্ট ব্যাংক। মেলার বিস্তারিত তথ্য www.bcsdigitalexpo.com.bd ঠিকানার ওয়েবসাইটে পাওয়া যাবে। —নুরুন্নবী চৌধুরী