আজ শেষ হচ্ছে ই-এশিয়া
আজ শেষ হচ্ছে এশিয়ার অন্যতম বড় তথ্যপ্রযুক্তি আয়োজন ই-এশিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বৃহস্পতিবার থেকে চলছে এ আয়োজন। এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের নানা ধরনের প্রযুক্তি সেবা ও সফটওয়্যার দেখানো হচ্ছে এ আয়োজনে।জাপানের প্যাভিলিয়নে দেখানো হচ্ছে সে দেশের ই-কৃষির নানা দিক। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সে দেশের কৃষকদের সফলতাও দেখানো হচ্ছে এখানে। ভারত তাঁদের বিভিন্ন ই-সেবা দেখাচ্ছে। শ্রীলঙ্কার প্যাভিলিয়নে স্টক ব্রোকার, নেটওয়ার্কিং, প্রতিষ্ঠান ব্যবস্থাপনার সফটওয়্যার দেখানো হচ্ছে।একইভাবে হল্যান্ড দূতাবাস, মালয়েশিয়া, থাইল্যান্ডের স্টলে দেশগুলোতে তথ্যপ্রযুক্তির বহুমুখী ব্যবহার তুলে ধরা হয়েছে।বাংলাদেশের শিক্ষাভিত্তিক ওয়েবসাইট চ্যামস ২১-এর স্টলে মজার মজার কার্টুন দিয়ে তৃতীয় থেকে দশম শ্রেণীর গণিত শেখানো হচ্ছে।আর ত্রিমাত্রিক অ্যানিমেশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের বিষয়গুলো সহজেই আয়ত্ত করার কৌশল দেখানো হচ্ছে। সরকারের তৈরি বহুল আলোচিত দোয়েল ল্যাপটপ বিক্রি হচ্ছে মেলায়। তিন মডেলের এই ল্যাপটপ পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৫০০ থেকে ২৬ হাজার ৫০০ টাকায়। পাশাপাশি চড়ুই নামের বেশ কিছু ট্যাবলেট কম্পিউটার নিয়ে এসেছে কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন লিমিটেড। সাত হাজার ৭০০ থেকে ১৩ হাজার ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে এই কম্পিউটারগুলো। মেলার মেলায় বাংলাদেশ ব্যাংকের আলাদা একটি স্টলে তাদের নানা ধরনের কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার দেখানো হচ্ছে। ঋণ নেওয়া, অফিস ব্যবস্থাপনার কাজ সহজ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক এখন সফটওয়্যার ব্যবহার করছে।এই স্টলে ব্যাংক ও তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক বিভিন্ন কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ আছে।কে পাবে পুরস্কার সে সিদ্ধান্ত দেবে কম্পিউটার। বাংলাদেশে থেকে আউটসোর্সিংয়ের কাজ করছে সফটওয়ার্কস নামের একটি প্রতিষ্ঠান। তারা অ্যাপলস্টোরের আদর্শলিপি, ধারাপাতসহ বেশ কয়েকটি প্রোগ্রাম তৈরি করেছে।মেলায় সবচেয়ে বেশি প্রকাশ ঘটেছে বাংলাদেশের বিভিন্ন ডিজিটাল সেবার। ই-পুর্জি, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র, কৃষি ও স্বাস্থ্যসেবায় মোবাইল, টেলি-মেডিসিনসহ নানা ধরনের ডিজিটাল সেবা, যেমন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের স্টলে দেখানো হচ্ছে, তেমনি এই সেবা ব্যবহারের মাধ্যমে মানুষের সফলতার গল্পও পর্দায় দেখানো হচ্ছে। আজ সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।সকালনয়টায় মিট দ্য টেকনোলজি লিডার অধিবেশনে অংশ নেবেন ইন্টেলের ওয়ার্ল্ড অ্যাহেড কর্মসূচির মহাব্যবস্থাপক জন ডেভিস।সাড়ে ১১টায় আউটসোর্সিং বিষয়ক একটি সেমিনারে মূলবক্তা থাকবেন ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার।প্রথমবারের মতো ই-এশিয়া পুরস্কার ২০১১ প্রদান করা হবে আজ।মেলার প্রবেশমূল্য ১০ টাকা। তবে শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। আজ মেলা চলবে রাত আটটা পর্যন্ত। —মোছাব্বের হোসেন