আজ শেষ হচ্ছে ইমাজিন কাপের দশম আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্য আর আধুনিকতার দারুণ মেলবন্ধনে আলোকিত শহর অস্ট্রেলিয়ার সিডনি আজ যেন আরও উদ্ভাসিত হয়ে উঠবে। সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে প্রযুক্তি ও উদ্যোগে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে। বিশ্বের ৭৫টি দেশের ১০৬টি দলের সফটওয়্যার, গেম ডিজাইনসহ তথ্যপ্রযুক্তির নানা রকম উদ্ভাবনের প্রতিযোগিতা ইমাজিন কাপের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আজ।ইমাজিন কাপে বিচারকদের রায়ে সফটওয়্যার ডিজাইন, গেম ডিজাইন (ফোন এবং উইন্ডোজ ও এক্সবক্স), উইন্ডোজ ফোন, উইন্ডোজ অ্যাজুর, আইটি চ্যালেঞ্জ, কাইনেটিক ফান ল্যাব ও উইন্ডোজ মেট্রো স্টাইল অ্যাপ শাখায় ২৪টি পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া আছে পিপলস চয়েস, টেকসই পরিবেশগত সমাধান ও স্বাস্থ্য সচেতনতা পুরস্কার। সব মিলিয়ে এক লাখ ৭৫ হাজার ডলার পুরস্কার দেবে আয়োজক মাইক্রোসফট করপোরেশন।অনলাইন ভোটের হিসেবে পিপলস চয়েস পুরস্কার পাওয়ার সম্ভাবনা দেখা গেছে বাংলাদেশ দলের অন্নপূর্ণা সফটওয়্যারের। কিছুটা পিছিয়ে থাকলেও গত রোববার রাতে ভোটের দিক থেকে ১ নম্বরে চলে আসে অন্নপূর্ণা। গতকাল সোমবারও এই অবস্থান ধরে রাখে। ভোটে শীর্ষস্থান অর্জন করলে এই পুরস্কার পাবে বাংলাদেশ দল। গতবারের ইমাজিন কাপেও পিপলস চয়েস পুরস্কার পেয়েছিল বাংলাদেশ দল।এদিকে সফটওয়্যার ডিজাইনে ছয়টি এবং গেম ডিজাইনে ১০টি দল প্রতিযোগিতার শেষ ধাপের জন্য নির্বাচিত (ফাইনালিস্ট) হয়েছে। গতকাল এই দলগুলোর চূড়ান্ত উপস্থাপনা দেখেন বিচারকেরা। এ দলগুলোর মধ্য থেকেই নির্ধারণ করা হবে বিজয়ীদের। সফটওয়্যার ডিজাইনে চূড়ান্ত ধাপে উন্নীত হয়েছে গ্রিস, জাপান, নিউজিল্যান্ড, পর্তুগাল, তাইওয়ান ও ইউক্রেন দল। উইন্ডোজ ফোনের জন্য গেম ডিজাইনে চূড়ান্ত ধাপে এসেছে হাঙ্গেরি, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দুটি দল। এক্সবক্স ও উইন্ডোজের জন্য গেম ডিজাইন প্রতিযোগিতায় শেষ পাঁচে আছে বেলজিয়াম, ব্রাজিল, আইসল্যান্ড, জাপান ও থাইল্যান্ড।এদিকে গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আনন্দে কেটেছে প্রতিযোগীদের। তিন ধরনের আনন্দ ভ্রমণের ব্যবস্থা ছিল তাঁদের জন্য। পুরো সিডনি শহর দেখা, ৮০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী হারবার সেতু আরোহণ আর ছিল টরোংগো চিড়িয়াখানা দেখা। আগামীকাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর হবে নৈশভোজ। তার পরই যবনিকা নামবে তারুণ্যের এই বিশাল মিলনমেলার। —পল্লব মোহাইমেন, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে