আজ শেষ হচ্ছে ই-কমার্স মেলা
‘ক্লিকের ছোঁয়ায় বাণিজ্য’ স্লোগানে ঢাকায় চলছে ই-কমার্স মেলা ২০১৪। তথ্যপ্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন কমপিউটার জগৎ আয়োজিত তিন দিনের এ মেলা চলছে ঢাকার বেগম সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে। গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তাফা জব্বার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, এখনই ডট কমের পরিচালক আরিল্ড ক্লোক্করহৌগ, কমপিউটার জগৎ-এর প্রকাশক নাজমা কাদের, আড়ংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ, মেলার আহ্বায়ক আবদুল ওয়াহেদসহ অনেকে। মেলায় ৩৫টি ই-কমার্স প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সেবাসমূহ প্রদর্শন করছে। মেলার প্রথম দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় ২০১৩ সালের তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ১৫ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, ডেটা সেন্টারের পরিচালক তারেক এম বরকত উল্লাহ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, রিভ সিস্টেমসের সিইও এম রেজাউল হাসান, গ্রামীণফোন আইটির সিইও রায়হান সামছী, সিএসএল সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, বিটিআরসির সাবেক চেয়ারম্যান জিয়া আহমেদ, বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক মোস্তফা আকবর, ফ্লোরা লিমিটেডের চেয়ারম্যান এম এন ইসলাম, বিএনএনআরসি’র সিইও এএইচএম বজলুর রহমান, এখনই ডট কমের সিইও শামীম আহসান, এটুআইয়ের সফটওয়্যার বিশেষজ্ঞ ফরহাদ শেখ এবং ফ্রিল্যান্সার শরীফ মুহাম্মদ শাহজাহান। এ ছাড়া তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নাজিম উদ্দিন মস্তানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।