আজ শেষ হচ্ছে এলিফ্যান্ট রোডের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শেষ হচ্ছে এলিফ্যান্ট রোডের তথ্যপ্রযুক্তি মেলা। মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিতে নয় দিনের এ মেলায় শেষের দিকে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।গতকাল বুধবার মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেল দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, প্রযুক্তি পণ্যের প্রতি মানুষের আগ্রহ তত বাড়ছে। এর মধ্যে ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, পেনড্রাইভ, প্রিন্টার, এক্সটার্নাল হার্ডডিস্ক, এলইডি মনিটর ইত্যাদি পণ্যের চাহিদা বেশি।ঢাকা সিটি কলেজের থেকে বন্ধুদের সঙ্গে কম্পিউটার কিনতে আসা আবু বকর মনে করেন, ‘মেলায় অনেক কম দামে কম্পিউটার কেনা যায়।’ মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী তাজরিন ইসলাম বলেন, ‘কম্পিউটার মেলা সব সময়ই ভালো লাগে। একসঙ্গে অনেক কিছু দেখা যায়। তথ্যপ্রযুক্তি সম্পর্কে একটি ধারণা তৈরি হয়ে যায় এ ধরনের মেলা থেকে।’আজ বিকেলে ক্যাননের সৌজন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশাল পরিসরে আয়োজিত তথ্যপ্রযুক্তির মিলনমেলা ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১০’-এর সমাপ্তি হবে। শেষ দিনও মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। —তারিকুর রহমান খান