আজ শেষ হচ্ছে ওপেন নলেজ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শেষ হচ্ছে ওপেন নলেজ সম্মেলন
আজ শেষ হচ্ছে ওপেন নলেজ সম্মেলন

নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে সুইজারল্যান্ডের জেনেভায় মুক্ত জ্ঞান বা ওপেন নলেজবিষয়ক সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন। ‘ওপেন নলেজ সম্মেলন (ওকেসিওএন)’ শীর্ষক তিন দিনের এ আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হয় সোমবার। সম্মেলন শেষ হচ্ছে আজ বুধবার। এ সম্মেলনের যৌথ আয়োজক ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক (ওকেএফএন) এবং ওপেন ডেটা ডট সিএইচ।
প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে ‘মুক্ত তথ্য, সরকার ও সুশাসন’ শীর্ষক হ্যাকাথন। এতে কীভাবে প্রযুক্তির নানা পদ্ধতি ব্যবহার করে সরকারি বিভিন্ন তথ্য সাধারণ ব্যবহারকারীদের হাতের নাগালে আনা যায়, তা ব্যাখ্যা করেন আইনজীবী ক্রিস্টিয়ান লাউক্স এবং ইউনিভার্সিটি অব জেনেভার জেন হ্যানরি মরিন। একই দিনে ‘ওপেন ডেটা চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল, ওপেন ডেভেলপমেন্ট বিষয়ে কর্মশালা, মুক্ত বিজ্ঞান ও গবেষণা, ডিজিটাল সামাজিক সোশ্যাল উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সড়কের মুক্ত মানচিত্রে কীভাবে জায়গার অবস্থান (লোকেশন) যোগ করা যায় এবং অনলাইন মানচিত্র তৈরির নানা বিষয় নিয়েও কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিকেলে আনুষ্ঠানিকভাবে ওপেন সুইজারল্যান্ড নামের বিশেষ উদ্যোগের উদ্বোধন করা হয়। এতে সুইজারল্যান্ড সরকার আনুষ্ঠানিকভাবে ওপেন গভর্নমেন্ট ডেটা পোর্টাল চালু করে।
গতকাল মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিনেও ‘টেকনোলজি টুলস অ্যান্ড বিজনেস’ শীর্ষক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মূল আয়োজনের পাশাপাশি সম্মেলন কেন্দ্র ওপেন ট্রান্সপোর্ট ডেটা বিষয়ে চলছে বিশেষ প্রদর্শনী। সম্মেলনে অনুষ্ঠান সমন্বয়ক বিটরিচ মার্টিনি জানান, ‘আমরা যেমন ভেবেছিলাম তার চেয়ে বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন সম্মেলনে।’
সম্মেলনে সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি অ্যাক্টিভিস্ট, উদ্যোক্তা ও ডেটা বিশেষজ্ঞ ছাড়া বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তারাও অংশ নিয়েছেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওকেএফএনের দূতরাও সম্মেলনে অংশ নিয়েছেন। সোমবার রাতে ওকেএফএন দূতদের সঙ্গে বিশেষ বৈঠক করেন ওপেন নলেজ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক রাফিউস পোলক। এ সময়ে ওকেএফএনের আন্তর্জাতিক কমিউনিটি ব্যবস্থাপক জারা রহমান, নিল বাস্টেক এবং ক্রিস্টিয়ান ভিলুম উপস্থিত ছিলেন। আজ সম্মেলনের শেষ দিনেও থাকছে একাধিক আয়োজন। বিস্তারিত: www.okcon.oৎg/live ঠিকানায়। —নুরুন্নবী চৌধুরী, জেনেভা (সুইজারল্যান্ড) থেকে