আজ শেষ হচ্ছে কম্পিউটার সিটির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটিআইটি ২০১১’ শেষ হচ্ছে আজ। শেষের দিকে দর্শক সমাগম আরও বেড়েছে।বেড়েছেকেনাকাটার হার।গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় মেলা সকাল থেকেই ছিল লোকে লোকারন্য। বৃহস্পতিবারও বেশ ভিড় ছিল মেলায়।শেষ দিকে বিভিন্ন ধরনের পণ্যে আগের চেয়ে আরও বেশি ছাড় পাওয়া যাবে—এই কথা ভেবেই মেলায় ভিড় বেড়েছে বলে মনে করছেন বিক্রেতারা। বিশেষ করে প্রতিটি দোকানের সামনে তরুণদের উপস্থিতি ছিল লক্ষ করার মতো। মেলার বিভিন্ন স্থানে বিনা মূল্যে দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারের সুযোগ কাজে লাগাচ্ছেন অনেক তরুণ। মেলার শেষ দিকে এসেও দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ ল্যাপটপের দিকে। আসুস, এইচপি, ডেল, ফুজিৎসু, অ্যাপল, লেনোভোসহ নানা ব্র্যান্ডের ল্যাপটপে নগদ অর্থছাড়, পুরস্কারসহ বিক্রয়োত্তর সেবা পাওয়া যাচ্ছে। এবারের মেলায় কিছুটা শৌখিন ল্যাপটপের দিকেই দর্শকদের আগ্রহ বলে জানালেন কম্পিউটার সোর্সের ব্যবসা ব্যবস্থাপক হুসনে জাকির বিন শহীদ। মেলায় বিভিন্ন পণ্যের পাশাপাশি পেনড্রাইভের চাহিদাও বেশ। ট্রান্সসেন্ড পেনড্রাইভগুলো প্রতি সেকেন্ড ২০ মেগাবাইট করে তথ্য আদান-প্রদান করে বলে এর চাহিদা বেড়েছে। এ ছাড়া অ্যান্টিভাইরাস সফওয়্যার, স্পিকার এবং বিভিন্ন শৌখিন প্রযুক্তি পণ্যের প্রতি দর্শকের আগ্রহ রয়েছে বেশ। মেলায় এসে গান শোনার যন্ত্র কিনছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল আহমেদ। তিনি বললেন, ‘এখন গান শোনার যন্ত্রগুলো একটু স্টাইলিশ না হলে মন ভরে না, তাই মনমতো গান শোনার যন্ত্র কিনতে এসেছি।’ মেলায় বাংলাদেশের বাজারে নতুন আসা ইন্টেলের কোর আই-৫-এর প্রসেসর প্রদর্শন করা হচ্ছে। মেলায় বাংলালায়ন তারহীন ওয়্যাইম্যাক্স ইন্টারনেট মডেম বিক্রি করছে এক হাজার ৯৯ টাকায়। মেলার ম্যাগাজিন অংশীদার কমপিউটার বিচিত্রা বিশেষ ক্রোড়পত্র বের করেছে।যাতে আছে পণ্য কেনার নানা নির্দেশনা।গত বৃহস্পতিবার গুণীজন সংবর্ধনার অংশ হিসেবে কম্পিউটার মেলায় ভাস্কর মৃণাল হক ও শুক্রবার সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ ও জুয়েল আইচকে সম্মাননা দেওয়া হয়েছে। মেলায় প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া হচ্ছে। বিসিএস কম্পিউটার সিটির মেলা আজও সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।—মোছাব্বের হোসেন