আজ শেষ হচ্ছে খুলনার কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আজ শেষ হচ্ছে পাঁচ দিনের কম্পিউটার মেলা। গতকাল শনিবার মেলা প্রাঙ্গণে দেখা গেছে প্রযুক্তি পণ্যের স্টল ও প্যাভিলিয়নগুলোতে দর্শনার্থীদের ভিড়। স্থানীয় প্রতিষ্ঠান ইন্টারওয়েভের পরিচালক এস এম মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেলায় ল্যাপটপ কম্পিউটার ভালো বিক্রি হচ্ছে। এ ছাড়া এলসিডি মনিটরও কিনছেন গ্রাহকেরা। মেলায় নানা প্রযুক্তি পণ্যের পাশাপাশি রয়েছে গেম খেলার ব্যবস্থা। ফলে শিশু দর্শকেরা খুবই খুশি। খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী অমিতাভ জানায়, মেলায় শিশুদের উপযোগী অনেক ডিজিটাল ফোন বুক, বই, কার্টুনসহ নানা বিষয়ের সিডি-ডিভিডি পাওয়া যাচ্ছে। ঠাকুর মার ঝুলির নতুন দুটি ডিভিডি ডিস্ক কিনেছে বলে সে জানায়। মেলায় শিশুরা মেতেছিল কম্পিউটার গেম খেলায়। পাশে দাঁড়িয়ে বা বসে থাকা অভিভাবকেরা আনন্দ উপভোগ করছিলেন। খুলনা সিটি কলেজের শিক্ষার্থী জহির বিশেষ মূল্যে ল্যাপটপ কিনতে পেরে খুশি। মেলায় বিশেষ মূল্যে ল্যাপটপের সঙ্গে রয়েছে উপহার। মেলা কমিটির আহ্বায়ক মুন্সী আরিফুর জামান মেলা সম্পর্কে বলেন, মেলা ভালোই চলছে। তবে খুলনায় প্রযুক্তি বাজারের জন্য কম্পিউটার ভিলেজ হলে ভালো হয়। এমন হলে মাসব্যাপী মেলার আয়োজনের ইচ্ছের কথা জানান তিনি।বিসিএস ডিজিটালএক্সপো নামের এ মেলার পৃষ্ঠপোষক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড, স্পিড টেকনোলজি লিমিটেড, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ও কম ভ্যালি লিমিটেড। —সামছুজ্জামান, খুলনা