আজ শেষ হচ্ছে চট্টগ্রাম তথ্যপ্রযুক্তি মেলা
আজ শেষ হচ্ছে বন্দরনগর চট্টগ্রামের তথ্যপ্রযুক্তি মেলা। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় নানা ধরনের প্রযুক্তিপণ্য প্রদর্শিত হয়েছে। গতকাল মেলায় এসেছিলে চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী আফতাব আহমেদ, সজীব মাহমুদ ও শাওন মুস্তাফিজ। তিনজনই ব্যস্ত ছিলেন সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক নিয়ে। মেলায় এসে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগটা কাজে লাগিয়েছেন তাঁরা। নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এ মেলায় দর্শকদের বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েছে চিটাগাং অনলাইন লিমিটেড। মেলার দ্বিতীয় দিনেও যা ছিল শিক্ষার্থীদের মূল আকর্ষণ। শিক্ষার্থী ছাড়াও মেলায় এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেলায় কম্পিউটার সোর্সের ব্যবসায় ব্যবস্থাপক দেবাশীষ মজুমদার জানালেন, বেচাকেনা ভালোই চলছে। মেলায় ল্যাপটপের চাহিদা বেশি, জানান কম্পিউটার ভিলেজের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক জাবেদ হোসেন। ছুটির দিন হলে মেলায় দর্শক-ক্রেতার সমাগম বেশি হতো বলেও জানান তিনি। প্রতিষ্ঠানটি মেলায় বিভিন্ন মানের ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস ও স্পিকার বিক্রি করছে। মেলা উপলক্ষে গতকাল কুইজ প্রতিযোগিতা, ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘পোর্টসিটি তথ্যপ্রযুক্তি মেলা’ নামে এ মেলা শুরু হয় গত রোববার। আয়োজক প্রতিষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কসের পরিচালক মোহাম্মদ সাজ্জাত হোসেন জানান, আজ মেলার শেষ দিনের কর্মসূচিতে রয়েছে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র ইত্যাদি। সন্ধ্যায় আয়োজিত তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনারে আলোচক থাকবেন নৌ প্রকৌশলী সাজিদ হোসেন। —নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম অফিস