আজ শেষ হচ্ছে চট্টগ্রামের ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শেষ হচ্ছে চট্টগ্রামের ল্যাপটপ মেলা। মেলায় নানা ব্র্যান্ডের নতুন ল্যাপটপের প্রতি দর্শকদের রয়েছে আগ্রহ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান ও শবনম সিদ্দিকা জানালেন, ‘ল্যাপটপ কিনতে এসেছি। ভেবেচিন্তে নেব, তাই ঘুরে ঘুরে দেখছি।’ মেলায় গ্রামীণফোন লিমিটেডের প্যাভিলিয়নে দেখা গেছে প্রচণ্ড ভিড়। এ প্যাভিলিয়নে আছে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এ ছাড়া ২০০ টাকা ছাড়ে তিন হাজার ৩০০ টাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে। গত বৃহস্পতিবার শুরু হয় এ মেলা। প্রথম দিন থেকেই মেলায় দর্শক ভিড় জমিয়েছেন।গতকালশুক্রবার বন্দরনগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়ামের মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায় প্রচুর দর্শক ভিড় করেছেন সেখানে। কম্পিউটার সোর্সের ব্যবসায় ব্যবস্থাপক দেবাশীষ মজুমদার জানালেন, ‘বিক্রি আশানুরূপ। ক্রেতাদের মধ্যেও দেখা যাচ্ছে প্রচুর আগ্রহ।’ ২৩ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ ৪০ হাজার টাকা দামের বিভিন্ন মানের ল্যাপটপ বিক্রি করছেন তাঁরা। এখানে রয়েছে ফুজিৎসু ও ডেলের পণ্য। স্মার্ট টেকনোলজিস তোশিবা, স্যামসাং ও এইচপির বিভিন্ন ল্যাপটপে দিচ্ছে ছাড়। লেনোভের বিভিন্ন ল্যাপটপে পাওয়া যাচ্ছে উপহার। মেলায় আসুসের সর্বশেষ প্রযুক্তিনির্ভর ও আকর্ষণীয় ল্যাপটপে থাকছে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় এবং উপহার। কম্পিউটার ভিলেজের জাভেদ হোসেন বলেন, ‘প্রথম দিনের তুলনায় আজ (গতকাল শুক্রবার) বিক্রি ভালোই বলা যায়।’ মেলায় ন্যূনতম ২২ হাজার ৫০০ টাকা দামের নেট বুক নিয়ে এসেছে রিশিত কম্পিউটারস লিমিটেড। এ ছাড়া সনি ভায়োর বেশ কিছু নতুন পণ্য রয়েছে এখানে। তারা শিক্ষার্থীদের জন্য এক থেকে দেড় হাজার এবং অন্যদের জন্য ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। ফ্লোরা লিমিটেড মেলায় এনেছে ইন্টেলের আই ফাইভ, আই থ্রিসহ কয়েকটি নতুন পণ্য। ফ্লোরার নিজস্ব নেটবুক বিক্রি হচ্ছে ২৩ হাজার টাকায়। মেলায় ছয়টি প্যাভিলিয়ন, ১০টি মিনি প্যাভিলিয়ন ও ছয়টি স্টল রয়েচে। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। শেষদিনে আজ মেলা চলবে সকাল সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। —নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম অফিস