আজ শেষ হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড
আজ শেষ হচ্ছে দেশের প্রযুক্তি খাতের সবচেয়ে বড় আয়োজনের আসর ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭। মেলার তৃতীয় দিন গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দর্শকদের উপস্থিতি ছিল ভালো। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জনবিষয়ক ধারণা নিতে আসে শিক্ষার্থীরা।
এ দিন মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল দেখার মতো। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জনগণের কী কী সেবা দিচ্ছে, তা জানা যাচ্ছে অনায়াসেই। তথ্যপ্রযুক্তির এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খাবার প্রকল্প, তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার, ঢাকা ওয়াসা, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।
গতকাল মেলায় এসেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভীর হোসেন। তিনি বলেন, আমরা আগামীর ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানতে মেলায় এসেছি। এ ছাড়া দেশে তৈরি নতুন অ্যাপ, সফটওয়্যার হচ্ছে, সেগুলো সম্পর্কেও আমাদের জানার আগ্রহ অনেক। নতুন নতুন অ্যাপের সাহায্যে অনেক বড় সমস্যাও এখন সমাধান করা সম্ভব। ডিজিটাল ওয়ার্ল্ডে এলে এসব বিষয়ে ব্যাপক ধারণা পাওয়া যায়, তাই আজ আমরা সবাই মিলে এসেছি।
ড্যাফোডিল কম্পিউটারের ডিসিএল মোবাইল বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম বলেন, মেলায় সর্বশেষ মোবাইল ডিভাইসসহ ল্যাপটপও প্রদর্শন করা হয়েছে। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের অংশ নিয়ে একদিকে আমাদের পণ্যের প্রচারণা চালাচ্ছি অপর দিকে নতুন প্রজন্মকে প্রযুক্তিপণ্য ব্যবহারে আগ্রহী করে তুলছি।
ই-জেনারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেসিসের সাবেক সভাপিত শামীম আহসান বলেন, আমি মনে করি, তথ্যপ্রযুক্তি সঙ্গে সম্পর্ক যুক্ত সব তরুণ-তরুণীর মেলা আসা উচিত। জানা উচিত প্রযুক্তিতে দেশ কতটা এগিয়ে যাচ্ছে।
ডিজিটাল ওয়ার্ল্ডে সফটওয়্যার, ই-গভর্নেন্স এক্সপো, স্টার্টআপ জোন, কিডস জোন, মেড ইন বাংলাদেশ জোন এবং ইন্টারন্যাশনাল জোনে ভাগ করে তথ্যপ্রযুক্তির নানা কিছু দেখানো হচ্ছে। আজ শেষ দিনেও মেলায় রয়েছে বেশ কিছু সেমিনার।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা শুরু হয়েছিল ৬ ডিসেম্বর। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
তারিকুর রহমান খান