আজ শেষ হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২
নানা আয়োজন আর প্রদর্শনীর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’।এই আয়োজন শুরু হয় গত বুধবার।ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে গতকাল শুক্রবার ছিল দর্শকের ভিড়। আয়োজনের প্রথম দিন ছিল ডিজিটাল উদ্যোক্তা সম্মেলন। এতে তিনটি অধিবেশনে তরুণ উদ্যোক্তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করেন গুজলের প্রতিষ্ঠাতা আদিত্য ওয়াতাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনিয়উরশিপ ডেভেলপমেন্টের প্রধান মামুনুর রশীদ, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসানসহ অনেকে। একই দিনে অনুষ্ঠিত ‘এনভায়রনমেন্ট সাসটেইনেবিলিটি অ্যান্ড আইসিটি’ আলোচনা করেন বিশিষ্ট জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী। দ্বিতীয় দিন গতকাল শুক্রবারও ছিল একাধিক সমাবেশ, ‘মিট দ্য লিডার’ শীর্ষক আয়োজন।সম্মেলনের পাশাপাশি চলছে রোবট প্রদর্শনী। ‘রোবো এক্সপোজিশন জোন’ নামের এ আয়োজনে ১১টি বিশ্ববিদ্যালয়ের ১৯টি প্রকল্প অংশ নেয়। দেখানো হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি চন্দ্রবোট, এমআইএসটির লুনামিস্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশের শিক্ষার্থীদের তৈরি উড়ন্ত কোয়াড্রো-ফ্যালকন, বুয়েটের রাফি এবং ই-বট, রুয়েটের কাঁকড়া ও স্পাই অব রুয়েট, কুয়েটের রিমোট হেলথ কন্ট্রোল ও অবস্ট্যাকল স্কিপার, আইইউটির আইসোমেট্রিক, চুয়েটের ভয়েস কমান্ড রোবট ও বাই-প্যাডেল রোবট। রোবট দেখতে আসা শিক্ষার্থী নুসরাত জাহান জানান, ভালো লাগছে রোবটগুলোর কার্যক্রম দেখে। এ ছাড়া রয়েছে টেলিটকের থ্রিজি এক্সপেরিয়েন্স জোন, যেখানে ভিডিও কল, টিভি দেখাসহ থ্রিজির মাধ্যমে করা নানা বিষয়ে সরাসরি অভিজ্ঞতা নেওয়া যাবে। টেলিটক বাংলাদেশের মহাব্যবস্থাপক (বিপণন) হাবিবুর রহমান জানান, সরকারের ডিজিটাল উদ্যোগ আরও এগিয়ে নিতে দেশে চালু হয়েছে তৃতীয় প্রজন্মে ইন্টারনেট-সুবিধা থ্রিজি। এই এক্সপেরিয়েন্স জোনে যে কেউ সরাসরি থ্রিজি ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন। ডিজিটাল ওয়ার্ল্ডে ৬০টি বেসরকারি, ২৭টি মন্ত্রণালয় বা বিভাগ ও আন্তর্জাতিক স্টল রয়েছে।রয়েছে মুক্ত সফটওয়্যার প্রদর্শনসহ নানা বিষয়। আজ সম্মেলনের শেষ দিনে রয়েছে ‘টেক ব্যাক দ্য টেক ও চিলড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ড’ শীর্ষক সমাবেশ রয়েছে। —নুরুন্নবী চৌধুরী