আজ শেষ হচ্ছে ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শেষ হচ্ছে চার দিনের বিসিএসের ডিজিটাল মেলা। রাজধানীতে ‘টুয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ’ স্লোগানে শুরু হওয়া এ মেলায় গতকাল শুক্রবার ছুটির দিনে ছিল দর্শকদের ভিড়। মেলায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) স্টলেও বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান নতুন প্রযুক্তির পণ্য প্রদর্শন করছে। মেলায় ঘুরতে আসা বেসরকারি চাকরিজীবী মাহমুদ উল্লাহ এসেছিলেন নিজের ছোট মেয়েকে নিয়ে। মেয়ের আগ্রহ আর প্রযুক্তিপণ্য সম্পর্কে জানাতেই মেলায় এসেছেন তিনি। তিনি বলেন, ‘প্রযুক্তি মেলায় এসে ভালোই লাগছে। মেলায় বেশ কিছু নতুন পণ্য দেখেছি।’গত বৃহস্পতিবার মেলায় অ্যাক্সিয়েটা (বাংলাদেশ) লিমিটেডের রবি ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘দূরশিক্ষণে মোবাইল ফোনের ভূমিকা’ শীর্ষক সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন কানাডার আইবল নেটওয়ার্ক ইনকরপোরেটেডের প্রধান কৌশলগত কর্মকর্তা শাহাদাত উল্ল্যাহ খান। তিনি মুঠোফোন ব্যবহার করে শিক্ষাব্যবস্থায় টেলিযোগাযোগের ভূমিকা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি মুঠোফোন ব্যবহার করে শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেমিনারের প্রধান অতিথি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, মুঠোফোনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে নানা ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কার্যক্রমকে এগিয়ে নিতে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তির সুবিধা চালু করা হবে। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. সবুর খান, স্পিনোভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টি আই এম নুরুল কবির। বক্তারা মোবাইল ফোন উপযোগী শিক্ষা কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে এবং ই-শিক্ষা কার্যক্রমটি মুঠোফোন ব্যবহারের মাধ্যমে করার কথা বলেন। সেমিনার সঞ্চালনা করেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার। একই দিন সাউথইস্ট ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘অটোমেশন ইন ব্যাংকিং: ক্রিয়েটিং এনাব্লিং এনভায়রনমেন্ট ফর ই-ব্যাংকিং অ্যান্ড এম-কমার্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, মোবাইল ব্যাংকিং ও ই-ব্যাংকিং ব্যবস্থা তৈরি, এখন চালু হওয়ার অপেক্ষায়। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং খাত প্রতিষ্ঠায় সবার সহযোগিতার কথা বলেন তিনি। সেমিনারে বক্তারা স্বয়ংক্রিয় ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন। গতকাল মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দুটি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। —নুরুন্নবী চৌধুরী