আজ শেষ হচ্ছে তথ্যপ্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস আইসিটি ওয়ার্ল্ড-২০১০ আজ শেষ হচ্ছে। মেলার তৃতীয় দিনেও ক্রেতা ও দর্শনার্থীদের প্রচুর সমাগম হয়েছে। গত ৩০ অক্টোবর চার দিনের তথ্যপ্রযুক্তি মেলা আয়োজন করে বাংলাদেশে কম্পিউটার সমিতি (বিসিএস)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় বিকিকিনি হয়েছে প্রচুর। মেলার অংশ নেওয়া কম্পিউটার সোর্স লিমিটেডের ব্যবসায় ব্যবস্থাপক সফিউল আলম বলেন, বিগত বছরের মেলাগুলো থেকে এবারে মেলায় দর্শনার্থীর সংখ্যা ছিল অনেক বেশি। বিশেষ করে মেলায় তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, শুধু দর্শনার্থীই বেশি ছিল না, একই সঙ্গে পণ্যের বিক্রিও হয়েছে তুলনামূলক বেশি।মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের পণ্যে মূল্যছাড়সহ বিভিন্ন অফার দিয়েছে। এবারের মেলায় তারবিহীন ইন্টারনেট কিউবি তাদের মডেম ৫০ শতাংশ কমে বিক্রি করছে। কিউবির তিন হাজার টাকার মডেম এক হাজার ৫০০ টাকায় বিক্রি করছে। এ ছাড়া আসুসের কোনো ল্যাপটপ কিনলে কিউবির মডেমে ৬৭ শতাংশ ছাড় পাওয়া যাবে। মেলা চলাকালীন এই অফার সব খানে পাওয়া যাবে। মেলায় মারকারি প্যাভিলিয়নে যেকোনো কম্পিউটার কিনলে সঙ্গে একটি স্পিকার ফ্রি পাওয়া যাবে। এ ছাড়া প্রতিটি কম্পিউটারে ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ক্রিয়েটিভ মেলা উপলক্ষে নির্দিষ্ট কিছু স্পিকারে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। মেলা উপলক্ষে তাদের প্যাভিলিয়নে সাইবার ক্লিনার মাত্র ২২০ টাকায় পাওয়া যাবে। বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়েছে। এসার প্যাভিলিয়নে প্রতিটি ল্যাপটপ ক্রয় করলে স্ক্র্যাচ কার্ডে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উপহার পাওয়া যাবে। এ ছাড়া এসার ল্যাপটপসহ তারহীন ইন্টারনেটের মডেম কিনলে ৪৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। মেলায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) তাদের স্টলে বিভিন্ন মুক্ত সফটওয়ার প্রদর্শন করা হচ্ছে। স্যামসাংয়ের বড় ও ছোট প্রিন্টার ক্রয় করলে ৩০০ ও ৬০০ পৃষ্ঠা কাগজ বিনা মূল্যে পাওয়া যাবে। এ ছাড়া স্যামস্যাংয়ের মনিটর কিনলে আগোরার গিফট ভাউচার পাওয়া যাবে। ড্যাফোডিল গ্রুপের প্যাভিলিয়নে মেলা উপলক্ষে বিভিন্ন সুবিধা ঘোষণা করেছে। বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, দেশকে ডিজিটাল করতে হলে, সবার আগে দেশের মানুষকে ডিজিটাল পণ্যের সঙ্গে পরিচয় করাতে হবে। তথ্যপ্রযুক্তির মেলা দেশের সব শ্রেণীর মানুষকে ডিজিটাল পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। ইন্টারনেটে আয়ের তথ্য: গতকাল মেলায় ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ এবং উপার্জনের কৌশল’ শীর্ষক সেমিনার। সেমিনারে মূল বিষয়টি উপস্থাপন করেন মুক্ত পেশাজীবী আবু সালেহ মো. কায়সার। তিনি ইন্টারনেটে আয়ের বিভিন্ন পদ্ধতির বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। সেমিনারে প্রধান অতিথি বিসিএসের মহাসচিব মজিবুর রহমান বলেন, নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে পথ তৈরি করে দিতে হবে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিশেষ করে বর্তমান সময়ের উপযোগী প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেমিনার সঞ্চালনা করেন ডিআইআইটির নির্বাহী পরিচালক মো. নূরুজ্জামান। বিকেলে গ্লোবাল ব্র্যান্ড প্রা. লিমিটেড আয়োজিত সংবাদ সম্মেলনে আসুসের নতুন এন, এনএক্স, ইউ সিরিজের ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় র্যা ফল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী সকলপ্রতিষ্ঠান ও বিসিএসের নির্বাহী কমিটির সদস্যদের ক্রেষ্ট দেওয়া হয়। এতে প্রধান অতিথি তথ্য এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, প্রযুক্তি নিয়ে এ মেলাটি বেশগুরুত্বপূর্ণ। তথ্য বিকাশের ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম বেশ উপকারী। পরে তিনি র্যা ফেল ড্রতে বিজয়ী নির্বাচন করেন। দ্বিতীয় দিনের বিজয়ীরা হলেন মো. আবদুল কাদের, সৌরভ দাস, আজম, হাবিব, নাসিমা, সোহাগ, দেবাশীষ কুমার ও মোমেন। আজ বেলা ১১টায় ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন’ এবং বিকেল চারটায় ‘তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধী মানুষের সম্পৃক্তকরণ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। মেলা সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।—তারিকুর রহমান খান ও নুরুন্নবী চৌধুরী