আজ শেষ হচ্ছে তৃতীয় বিডিনগ সম্মেলন

আজ শনিবার শেষ হচ্ছে বিডিনগের তৃতীয় সম্মেলন। ১৮ মে থেকে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে শুরু হয় এই সম্মেলন।
রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ সম্মেলনের অংশ হিসেবে ১৯ মে থেকে টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য অনুষ্ঠিত হয় অ্যাডভান্সড রাউটিং অ্যান্ড বিজিপি, আইপি টেলিফোনি, লিনাক্স সিস্টেম অ্যাডমিন অ্যান্ড নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয়ে কারিগরি কর্মশালা।
নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ বা নগ হচ্ছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারদের একটি গ্লোবাল কমিউনিটি বা ফোরাম যারা নিজেদের মধ্যে অপারেশনাল বিষয়ক জ্ঞান, অভিজ্ঞতা ও মতামত বিনিময় করে। ফলে বিডিনগও অন্যান্য দেশ ও অঞ্চলের মতো নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ যেমন, সাউথ এশিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (সেনগ), নর্থ আমেরিকান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (ন্যানগ), জাপান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (জেনগ), অস্ট্রেলিয়া নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (অসনগ), এশিয়া প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিস (অ্যাপ্রিকট) এর সঙ্গে কাজ করে।
বিডিনগ ২০১৩ সালের ১ অক্টোবর থেকে একটি অলাভজনক সংগঠন হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এর আগে গত বছরে ১৯-২৪ মে ঢাকায় প্রথম সম্মেলন এবং ১১-১৫ নভেম্বর কক্সবাজারে দ্বিতীয় সম্মেলন সফলভাবে আয়োজন করে বিডিনগ।
রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া-প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ (বিডিআইএক্স)-এর চেয়ারম্যান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
এবারের বিডিনগ সম্মেলন প্রসঙ্গে সভাপতি নুরুল ইসলাম রোমান বলেন, বিডিনগের আয়োজনে ঢাকায় তৃতীয় সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ বিডিনগ সম্মেলন অনুষ্ঠিত হবে এই বছরের নভেম্বরে সিলেটে। এবারের সম্মেলনে বিডিনগ সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার লক্ষ্যে কাজ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সম্মেলনে সরকারের সহযোগিতা ও অংশগ্রহণ বাড়লে স্থানীয় তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও প্রকৌশলীরা আরও বেশি উপকৃত হবে।
বিডিনগের এবারের আয়োজনে সহ-আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)। সহযোগিতায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল।