আজ শেষ হচ্ছে বিডিনগ সম্মেলন
আজ শনিবার শেষ হচ্ছে বিডিনগের তৃতীয় সম্মেলন। গত সোমবার বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ঢাকায় শুরু হয় এ সম্মেলন।
সম্মেলনের অংশ হিসেবে গত বুধবার থেকে রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে চলছে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) প্রকৌশলীদের জন্য অ্যাডভান্স রাউটিং অ্যান্ড বিজিপি, আইপি টেলিফোনি, লিনাক্স সিস্টেম অ্যাডমিন অ্যান্ড নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয়ে কারিগরি কর্মশালা।
বিডিনগ সভাপতি নুরুল ইসলাম জানান, বিডিনগের আয়োজনে তৃতীয় সম্মেলন এটি। এর আগে ঢাকা ও কক্সবাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, ‘বিডিনগ প্রতিবছর নিয়মিতভাবে দুটি সম্মেলন করবে। এ ধারাবাহিকতায় চতুর্থ সম্মেলন হবে আগামী নভেম্বরে সিলেটে।’
আয়োজকেরা জানান, বিডিনগ সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্ক পরিচালনায় বিভিন্ন গবেষণা সম্পাদন, স্থানীয় মেধাবীদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় এবং বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য ইন্টারনেটের ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করা এই সম্মেলনের উদ্দেশ্য।
বিডিনগ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুমন আহমেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও প্রকৌশলীদের অংশগ্রহণে আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য বিডিনগ থেকে একটি অর্থ তহবিল গঠন করার চেষ্টা করছি আমরা। এর মাধ্যমে স্থানীয় প্রতিভাবানদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারব।’ বিডিনগের এবারের সম্মেলনের সহ-আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল।
অলাভজনক সংগঠন হিসেবে ২০১৩ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে বিডিনগ। এটি মূলত বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের সংগঠন হিসেবে কাজ করছে।
বিজ্ঞপ্তি