আজ শেষ হচ্ছে বেসিস সফটএক্সপো ২০১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিস সফটএক্সপো ২০১৭
বেসিস সফটএক্সপো ২০১৭

‘ফিউচার ইন মোশন’ স্লোগান নিয়ে আয়োজিত ‘বেসিস সফটএক্সপো ২০১৭’ শেষ হচ্ছে আজ শনিবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনের এই সফটওয়্যার মেলার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রদর্শনীতে শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন সেমিনারে দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরির জন্যই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ প্রদর্শনীর শেষ দিনে বেলা ১১টা থেকে অনুষ্ঠিত হয় এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড ক্যারিয়ার ইন আইসিটি, পাবলিক পলিসি ফর ফিন্যান্সিয়াল সেক্টর, ডেটা সিকিউরিটি ইন দ্য ইনভলবিং পেমেন্টস ইকোসিস্টেম ও ডিজিটাল মার্কেটিং ফর বুস্টিং বিজনেস শীর্ষক সেমিনার ও টেকনিক্যাল সেশন।

বেলা তিনটা থেকে অনুষ্ঠিত হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি কনফারেন্স, প্রোটেক্টিং ইনোভেশন ও অ্যাকাউন্টিং বিপিও শীর্ষক সেমিনার ও টেকনিক্যাল সেশন।

সন্ধ্যায় লিডারশিপ মিটের মাধ্যমে পর্দা নামবে এবারের আয়োজনের। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বেসিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় গত শুক্রবার বেসিস ও পাম নেদারল্যান্ডস সিনিয়র এক্সপার্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাম নেদারল্যান্ডস সিনিয়র এক্সপার্টস মূলত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি সংগঠন। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বেসিসের সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য বিশেষজ্ঞ বাংলাদেশে পাঠাবে। ফলে কোম্পানিগুলোর সক্ষমতা বাড়বে। বিজ্ঞপ্তি।