
সমস্যা নয় বরং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে কাতারের দোহায় আজ শেষ হচ্ছে তিন দিনের ‘মিডিয়া ইনোভেশন’ কারিগরি সম্মেলন। কাতার জাতীয় সম্মেলনকেন্দ্রে গত শনিবার শুরু হয় এ সম্মেলন।
গতকাল রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে সব মিলিয়ে ১৯টি চ্যালেঞ্জের সমাধানে যুক্ত হন ৩৭টি দেশের ৯০ জন অংশগ্রহণকারী। নির্ধারিত ১২টি চ্যালেঞ্জের পাশাপাশি অংশগ্রহণকারীদের দেওয়া সেরা চ্যালেঞ্জ হিসেবে আরও সাতটি যুক্ত হয়। সব মিলিয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে ১৯টি চ্যালেঞ্জের সমাধানের কাজ করছেন অংশগ্রহণকারীরা। সবগুলো চ্যালেঞ্জের মধ্যেই রয়েছে নতুন ধারার গণমাধ্যমের বিষয়টি কীভাবে সহজ করা যায়। এ ছাড়া নতুন কী কী উদ্ভাবন করা যায় সে বিষয়টিও রয়েছে চ্যালেঞ্জে।
সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এবং নিউ মিডিয়া সাংবাদিক ক্রিয়াট্রিক্স তিহারা বলেন, ‘সাংবাদিকতা এবং প্রযুক্তি দুটিই খুব ভালো লাগে। নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে নতুন ধারার মিডিয়ার নানা চ্যালেঞ্জগুলো সমাধান করা যায় সে বিষয়গুলো সমাধানেই আমরা কাজ করছি।’ তিহারাসহ আটজনের একটি দল কীভাবে ইন্টারনেটে ব্যবহারকারীদের নিরাপদ রাখা যায়, বিশেষ করে নারীদের, সে বিষয়ে কাজ করছে।
এ ছাড়া কীভাবে ওয়েবে বিভিন্ন লেখায় খারাপ বিষয়গুলো এড়িয়ে ভালো ‘কমেন্টস’ করা যায়, সমালোচনা হলে সেটি সঠিকভাবে করা যায় সে বিষয়ে কাজ করছে ‘টিম অসাম’ নামের দলটি। একই বিষয়ে কীভাবে কারিগরিভাবে আলাদা টুলস তৈরি করা যায় সেটির কাজও করছেন এ দলের সদস্যরা। এ দলের আরেক সদস্য নাইট ফেলো এবং হাফিংটন পোস্ট-এর সাবেক জ্যেষ্ঠ সম্পাদক অ্যান্ড্রু লোসোস্কি জানান, ‘বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রকাশিত লেখা কিংবা ছবিতে ভালো কমেন্টস করার ব্যাপারে সচেতনতা ও কোনো টুলস তৈরি করতে পারি সেটি দারুণ হবে।’
এ ছাড়া সম্মেলনে নিউ মিডিয়ার আরও একান্ত গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে চলছে চ্যালেঞ্জ সমাধান। আয়োজক দলের সদস্য অ্যামিলিয়া লোঙ্গো জানান, মূলত সারা বিশ্বের নির্বাচিত সেরাদের মাধ্যমে নতুন ধারার মিডিয়ার চ্যালেঞ্জগুলো সমাধান করতেই আমাদের এ আয়োজন। পাশাপাশি নানা ধরনের উদ্ভাবনও থাকবে।
সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বিকেলে চ্যালেঞ্জগুলোর প্রাথমিক সমাধান ও কার্যক্রম সম্পর্কে প্রতিটি দল আলাদা উপস্থাপনা দেয়। বিচারকেরা প্রাথমিক বিভিন্ন বিষয় দেখার পাশাপাশি নানা পরামর্শ দেন অংশগ্রহণকারীদের। আজ সকালে সব চ্যালেঞ্জের সমাধান নিয়ে চলবে বিচারকদের পর্ব।