আজ শেষ হচ্ছে ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আজ শেষ হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত এ মেলার দ্বিতীয় দিন গতকাল শুক্রবারে ছিল দর্শকদের ভিড়। মেলার আয়োজক এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘এবারের মেলার টিকিট প্রায় ১৭ হাজারের বেশি বিক্রয় হয়েছে। আমরা আশা করছি, আজ শেষ দিনেও আরও বেশি টিকিট বিক্রি হবে।’ তিনি জানান, মেলা থেকে বিক্রীত টিকিটের অর্থের ২৫ শতাংশ নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য হিসেবে এবং বাকি ২৫ শতাংশ তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) কল্যাণ তহবিলে দান করা হবে।’ এ ছাড়া নেপালের মানুষের পাশে দাঁড়াতে মেলায় একটি দানবাক্স রাখা হয়েছে।
মেলায় অংশ নেওয়া স্মার্ট টেকনোলজিসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘মেলায় ভিড় অনেক বেশি। ক্রেতাদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন ছাড় উপহার দিচ্ছি। আর বিক্রিও মোটামুটি ভালো।’ ল্যাপটপ মেলায় এবার সব পণ্যেই রয়েছে মূল্যছাড় ও উপহার। এসার সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। ডেলের যেকোনো ল্যাপটপ কিনলে ক্রেতা পাবেন স্ক্র্যাচ কার্ড। যার সাহায্যে রয়েছে পিসি ও মনিটর পাওয়ার সুযোগ। এ ছাড়া উপহার হিসেবে পাওয়া যাবে অ্যান্টিভাইরাস, বহনযোগ্য চার্জার, তারহীন মাউস এবং দুই হাজার টাকা পর্যন্ত ছাড়। তোশিবা ল্যাপটপের সঙ্গে স্ক্র্যাচ কার্ড ঘষে ক্রেতারা পেতে পারেন আইফোন ৬, স্যামসাং এস৬ স্মার্টফোন, পেনড্রাইভ, মাউস কিংবা গিফট ভাউচার। স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার দেবে আসুস। স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নিতে পারেন এয়ারকন্ডিশনার, ফ্রিজ, বর্ষাতি, ছাতা, আসুস কালেকশন গিফট বক্স ইত্যাদি। টুইনমসের কিনলেই পাওয়া যাবে টারগাসের ব্যাকপ্যাক বা টি-শার্ট। আর ডিলাক্সে পণ্যে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। আজ সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য ৩০ টাকা। শিক্ষার্থীদের জন্য থাকছে বিনা মূল্যে প্রবেশসুবিধা।