আজ শেষ হচ্ছে ল্যাপটপ মেলা
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ল্যাপটপ মেলা শেষ হচ্ছে আজ। শুরু থেকেই এ মেলায় বিপুল দর্শক-সমাগম ঘটেছে। গতকাল শুক্রবার ছুটির দিনে মেলা প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। এই মেলায় প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। আনন্দ কম্পিউটার্সের স্টলে দেশে তৈরি দোয়েল ব্র্যান্ডের ০৭০৩ ও ১৬১২ মডেলের ল্যাপটপ মিলছে যথাক্রমে ১৫ হাজার ৫০০ ও ২৮ হাজার ৫০০ টাকায়। দোয়েলের বিক্রেতারা জানান, মেলায় দোয়েল ব্র্যান্ডের প্রচুর চাহিদা রয়েছে।মেলা থেকে ল্যাপটপ কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময় তারিক। তিনি জানান, ল্যাপটপ মেলায় অনেক ব্র্যান্ডের ল্যাপটপ দেখে কেনার সুযোগ রয়েছে। তাই এই মেলা থেকে ল্যাপটপ কিনেছি। তবে আগের তুলনায় ল্যাপটপের দাম কিছুটা বেশি বলে তিনি জানান। আগের তুলনায় ল্যাপটপের দাম বেড়েছে কেন জানতে চাইলে বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। আর ল্যাপটপ যেহেতু বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়, তাই আগের চেয়ে বেশি টাকায় ল্যাপটপ কিনছেন বিক্রেতারা। এ জন্য ক্রেতাদেরও বাড়তি টাকা গুনতে হচ্ছে। তবে ডলারের মূল্যবৃদ্ধির কারণে শুধু ল্যাপটপই নয়, সব ধরনের আমদানি করা পণ্যেরই দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা।মেলার আয়োজকেরা জানান, এই মেলায় বিপুল দর্শক-সমাগম ঘটছে এবং দর্শনার্থীদের বেশির ভাগই তরুণ প্রজন্মের। আজ মেলার শেষ দিনে ল্যাপটপের মূল্য আরও কিছুটা কমে যাবে বলে মনে করছেন মেলার আয়োজকেরা। মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ বিশেষ ছাড়ে যেমন দেওয়া হচ্ছে, তেমনি এর সঙ্গেও মিলছে আকর্ষণীয় পুরস্কার। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। —মোছাব্বের হোসেন