আজ শেষ হচ্ছে ল্যাপটপ মেলা
তরুণ প্রজন্মের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের আগমনে জমে উঠেছে গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার ২০১২’। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা শেষ হচ্ছে আজ। গত দুই দিনে ল্যাপটপসহ নানা প্রযুক্তিপণ্য বিক্রিও হয়েছে বেশ। মেলায় ল্যাপটপসহ প্রযুক্তিপণ্য ক্রয়ে ক্রেতারা উপভোগ করেছেন নগদ ছাড়সহ তাৎক্ষণিক নানা পুরস্কার। ছিল মেলা শেষে বিশেষ মেগা ড্র। মেলা উপলক্ষে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই তাদের পণ্যে বিশেষ ছাড় ও উপহার প্রদান করছে। আজ শেষ দিনও এগুলো অব্যাহত থাকবে। মেলায় গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড ও স্টার টেক আসুস ও ডেলের নির্দিষ্ট নোটবুকের সঙ্গে দিচ্ছে আট গিগাবাইট পেনড্রাইভ অথবা দেয়ালঘড়ি, পান্ডা ইন্টারনেট সিকিউরিটিতে অ্যান্টিভাইরাসে ৫০০ টাকা ছাড়সুবিধা। এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড এসারের এমডি প্রসেসরসমৃদ্ধ ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে দিচ্ছে এক বছরের নিবন্ধনসহ অ্যান্টিভাইরাস ও এসার নোটবুক মাউস। এ ছাড়া পণ্য কেনার পর স্ক্র্যাচ কার্ড ঘষে মেলা শেষে পাওয়া যাবে মোটরসাইকেলসহ নানা পুরস্কার। ল্যাপটপে স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার দিচ্ছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিডেট। আর বিশেষ ছাড়ে কম দামে সনি ভায়ো ল্যাপটপ পাওয়া যাচ্ছে রিশিত কম্পিউটার্সের স্টলে। মেলায় গতকাল শুক্রবার ‘আউটসোর্সিং’, ‘প্রযুক্তি উন্নয়ন’ ও ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপণন’ বিষয়ে পৃথক তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মেলায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবির স্টলে প্রি-পেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য এক গিগাবাইট ও দুই গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের অফার পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা ইতিমধ্যে এ বিষয়ে মুঠোফোনে খুদে বার্তা পেয়েছেন, যা নিয়ে কিউবি স্টলে এসে এ সুবিধাটি চালু করে নিতে হবে। কম্পিউটার সোর্স লিমিটেড ৫০০ টাকার যেকোনো পণ্য কিনলেই পাওয়া যাবে ডায়েরি, স্পিকার, ব্যাকপ্যাক, মিনি মাউসসহ নানা পুরস্কার। এ ছাড়া মেলায় বুলগার্ড অ্যান্টিভাইরাস পাওয়া যাচ্ছে মাত্র ৫৫০ টাকায়। বাংলা কি-বোর্ড লে-আউটে মুদ্রিত বিজয় ল্যাপটপের দুটি ব্র্যান্ড বিজয় এস৩০ প্লাস ও এস৩০ পাওয়া যাবে ২০ ও ১৮ হাজার টাকায়। স্যামসাং ল্যাপটপ কিনলে কার্ড ঘষে পেতে পারেন ল্যাপটপ, ক্যামেরা, প্রিন্টার, ইউএসবি ও তারহীন মাউসের মধ্যে যেকোনো একটি। এ ছাড়া লজিটেকের তারহীন মাউস, হেডফোন, কি-বোর্ড ইত্যাদিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। গিগাবাইটের প্রতিটি ল্যাপটপে রয়েছে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়। ফুজুৎসির ল্যাপটপ কিনলেই পাওয়া যাবে টি-শার্ট আর এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের সঙ্গে ছবি তোলার সুযোগ। ইন্টেলের প্রসেসরসমৃদ্ধ ল্যাপটপ কিনলে কার্ড ঘষে প্রতিদিন দেওয়া হচ্ছে একটি স্মার্টফোন ও মেলা শেষে একটি ৪০ ইঞ্চি এলসিডি টিভি। এইচপির প্রতিটি ল্যাপটপে দুই থেকে পাঁচ শতাংশ ছাড় পাওয়া যাবে। আর কার্ড ঘষলে প্রতিদিন পাবেন অল ইন ওয়ান পিসি, প্রিন্টার, এলসিডি মনিটর, মাউস, হেডফোন ইত্যাদি। —জিয়াউর রহমান চৌধুরী