আজ শেষ হচ্ছে সফটওয়্যার মেলা
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার সবচেয়ে বড় মেলা বেসিস সফটএক্সপো আজ রোববার শেষ হচ্ছে। যদিও গতকাল শনিবার রাতে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় এ আয়োজনের। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শেষ দিনে মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলায় দেশের তথ্যপ্রযুক্তি সেবা ও সফটওয়্যারের ব্যবসা খাতকে তুলে ধরার পাশাপাশি তরুণ সফটওয়্যার নির্মাতাদেরও অনুপ্রেরণা দেওয়া হয়। তরুণ প্রযুক্তিবিদদের জন্য আলাদা স্টলও আছে মেলায়। মেলা দেখতে আসা আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে পাস করা সাকি রিজওয়ানা ও জুলকান বিনতে রশীদ বলেন, ‘সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো কী সফটওয়্যার বানাচ্ছে, এ ক্ষেত্রে কী কাজ করার সুযোগ আছে এবং আমরা কী সফটওয়্যার বানাতে পারি—এটা দেখতে মূলত মেলায় আসা।’ কমজগত ডট কম এবারের মেলার সবগুলো সেমিনার ইন্টারনেটে সরাসরি প্রচার করেছে। একই সঙ্গে সেমিনারগুলোর ভিডিও ধারণ করছে প্রতিষ্ঠানটি। পরে যদি কারও দরকার হয়, তবে সেমিনারের ভিডিও নামিয়ে (ডাউনলোড) নিয়ে দেখতে পারবে। কমজগত ডট কম বিয়ে, জম্মদিন ইত্যাদি অনুষ্ঠান ইন্টারনেটে সরাসরি প্রচার করার সেবাও দেয়। বিভিন্ন তথ্যপ্রযুক্তি মাসিক ম্যাগাজিনের পুরোনো সংখ্যা ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে মেলায়। মাসিক কমপিউটার বিচিত্রার স্টল থেকে বিক্রি হওয়া ম্যাগাজিন, বই, সিডির পুরো টাকাটাই ব্যয় করা হবে একজন ক্যানসার রোগীর চিকিত্সায়। আনন্দ কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার ২০ শতাংশ এবং বই ৭৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। ডিভাইন আইটি লিমিটেডের বিভিন্ন বিষয়ের নয়টি সফটওয়্যার মেলায় তাদের প্যাভিলিয়নে পাওয়া যাবে। ব্যবসা-বাণিজ্যের জন্য ট্যালি সফটওয়্যার নিয়ে এসেছে এসটিএম ভিশন লিমিটেড। বিশেষায়িত কাজের জন্য তৈরি করা ১০টি সফটওয়্যারে বিশেষ ছাড় দিচ্ছে ইকরা সফট লিমিটেড। পাঁচ দিনের এ মেলা নিয়ে আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) মহাসচিব নাহিদ আহমদ বলেন, ‘এ মেলাকে আমরা একটি আন্তর্জাতিক মেলায় রূপ দিতে চাই। এবারের পাঁচ দিনের মেলায় আশার চেয়ে বেশি সাড়া পেয়েছি।’ এ ছাড়া বিভিন্ন সেমিনারে তরুণদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। সফটএক্সপোতে সিইও নাইট: গত বৃহস্পতিবার রাতে শতাধিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সিইও নাইট’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে অনেক এগিয়ে যাওয়া সম্ভব। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনিস-উদ-দৌলা, বেসিসের সভাপতি হাবিবুল্লাহ এন করিম, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ওডভার হেশজেডালসহ অনেকে। অনুষ্ঠানে তরুণ প্রযুক্তিবিদদের উদ্ভাবনের জন্য পুরস্কার দেওয়া হয়। এতে সেন্টার ফর রিসার্চ অন বাংলা ল্যাংগুয়েজ প্রসেসিংয়ের তৈরি কম্পিউটারে বাংলা শোনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থীর তৈরি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সহজে অক্ষর চেনা প্রকল্প পুরস্কৃত হয়। তথ্যপ্রযুক্তির সেরা ব্যবহারকারী হিসেবে ছয়টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। পুরস্কারপ্রাপ্ত ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো হলো ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সিস্টেম (প্রযুক্তি সেবাদাতা: বিজনেস অটোমেশন লি.), এপিক গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (সিএসএল সফটওয়্যার রিসোর্সেস লি.), ইনফরমেশন ইঞ্জিনিয়ার্সের নোভার্টিজ (বাংলাদেশ) লিমিটেড (ইনফরমেশন ইঞ্জিনিয়ার্স), সাউথ ইস্ট ব্যাংক ও জীবন বীমা করপোরেশন (লিডস করপোরেশন), সয়েল রিসোর্সেস ডেভেলপমেন্ট লিমিটেড (ই-জেনারেশন)। —বাদল খান ও নূরুন্নবী চৌধুরী