আজ শেষ হচ্ছে সফটওয়্যার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত দেশের সবচেয়ে বড় সফটওয়্যার মেলা ‘বেসিস সফটএক্সপো-২০১১’ আজ শেষ হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই মেলা।নিত্য ব্যবহার করার মতো প্রযুক্তি মেলা নয় এটি। তার পরও মানুষের ভিড় চোখে পড়ার মতো। কেননা, মেলায় দেখা গেছে তথ্যপ্রযুক্তির বিচিত্র ও বহুমুখী ব্যবহার। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার মেলায় দর্শকের আনাগোনা ছিল সবচেয়ে বেশি। মেলার তৃতীয় দিনে সকাল থেকেই দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের সফটওয়্যার, প্রযুক্তিপণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় অংশ নেওয়া রিভ সিস্টেমস ভয়েস ওভার প্রটোকলের (ভিওআইপি) নানা ধরনের সফটওয়্যার প্রদর্শন করছে। রিভ সিস্টেমসের বিক্রয় নির্বাহী শাহিনুর রহমান জানান, রিভ সিস্টেমস একটি বাংলাদেশি প্রতিষ্ঠান, যা ভারত, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে ভিওআইপির বিভিন্ন সফটওয়্যার-সেবা দিচ্ছে, পাশাপাশি আমাদের দেশেও বিভিন্ন প্রতিষ্ঠানকে এই সেবা দিচ্ছে।গ্রামীণফোনের সহযোগী প্রতিষ্ঠান জিপিআইটি নিয়ে এসেছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি), গ্রাহকসেবা ব্যবস্থাপনা, কল সেন্টার সলিউশনস, ডেটা সেন্টার সফটওয়্যারসহ নানা ধরনের প্রযুক্তিগত সেবা।ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড ‘ইনফো বাংলা’ নামের একটি ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে ক্রেডিট কার্ডের দ্বারা মোবাইল কার্ড, বইপত্র, কম্পিউটার সামগ্রী কেনাসহ অনলাইনে বিভিন্ন চাকরির খোঁজ-খবর, আবেদন করা, দেশি-বিদেশি পত্রপত্রিকা পড়ার সুযোগসহ নানা ধরনের সুবিধা দিচ্ছে। এখানে ৭৫ টাকা খরচ করলে কেনা যাবে ১০০ টাকা মূল্যের পণ্য। মেলায় বিজনেস অটোমেশন বিল্ড অপারেট ট্রান্সফারের (বিওটি) মাধ্যমে হজ ব্যবস্থাপনা, বিভিন্ন তথ্য দেখে সিদ্ধান্ত নেওয়া, গ্রাহকসেবা ব্যবস্থাপনার সফটওয়্যারসহ নানা প্রযুক্তিসেবা প্রদর্শন করছে।সফটওয়্যার মেলায় বাংলাদেশ সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প শিক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের কর্মসূচি ‘আইসিটি ইন এডুকেশন’, গ্রামীণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়নে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র বা ‘ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার’ (ইউআইএসসি), আখচাষিদের কাছ থেকে আখ কেনার অনুমতিপত্র ‘ই-পুর্জি’ কর্মসূচিসহ নানা ধরনের সেবা প্রদর্শন করছে।মেলায় শুরু হয়েছে আইটি জব ফেয়ার। গত দুই দিন এখানে বিভিন্ন প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নিয়েছে। আজ সেখান থেকে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।আইটি জব ফেয়ারে অংশ নিতে এসে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে সদ্য পাস করা সামি উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে কিছুদিন আগে পাস করে চাকরির খোঁজ করছি। এখানে অংশ নিয়ে নিজের যোগ্যতা যাচাই করছি।’আজ রাতে অনুষ্ঠিত হবে ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠান। এতে ফ্রি-ল্যান্সার, কোড ওয়ারিয়র, আইটি ইনোভেশন সার্চসহ প্রায় ৩০টি পুরস্কার দেওয়া হবে। পাঁচ দিনের এই মেলা আজ শেষ হবে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।— মোছাব্বের হোসেন