আজ শেষ হচ্ছে সফটওয়্যার মেলা
আজ শেষ হচ্ছে ‘বেসিস সফটএক্সপো ২০১২’-এর পাঁচ দিনের আয়োজন।মেলায় প্রথম তিন দিন চাকরীর জীবনবৃত্তান্ত জমা দেয়ার সুযোগ ছিলো। আর মেলাতেই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সরাসরি চাকরির সাক্ষাৎকার নেয়া হয় এবং নিয়োগও দেয়া হয়। এবার মোট ১৩টি চাকরিদাতা প্রতিষ্ঠান বিভিন্ন প্রার্থীদের নিয়োগ দিয়েছে। আবেদনপত্র জমা পড়েছে আড়াই হাজারের বেশি। মেলার আহ্বায়ক তামজিদ সিদ্দিক জানালেন, প্রথমবারের মতো মেলায় ‘বিজনেস মিট অ্যান্ড ম্যাচ’ নামে আর্থিক প্রতিষ্ঠানের (ব্যাংক) সঙ্গে বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো মতবিনিময় করে। আজ প্রতিষ্ঠানগুলো আরেক দফায় আলোচনায় বসবে বেশ কিছু পোশাক প্রতিষ্ঠানের সঙ্গে। আইসিটি সেক্টরে কীভাবে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাড়তে পারে, তাই নিয়েই এই আলোচনা। মেলায় বিদেশি অনেক প্রতিষ্ঠান দেশীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আগ্রহ দেখাচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে মোবাইল অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন প্রতিষ্ঠান, ওয়েব ডেভেলপমেন্ট এবং মাল্টিমিডিয়ার প্রতি তাদের আগ্রহ বেশি। এ বছর ১৫ জনকে সেরা ফ্রিল্যান্সার পুরস্কার দেওয়া হয়। গতকাল রাতে আয়োজিত অ্যাওয়ার্ড নাইটে পুরস্কার দেওয়া হয় ফ্রিল্যান্সারসহ অন্যান্য প্রতিযোগিতার। ফ্রিল্যান্সিংয়ে শিক্ষার্থী ক্যাটাগরিতে খালেদ বিন এ কাদের, মোঃ সাজ্জাদ হোসাইন অলি, মারজান আহমেদ এবং আহমেদ সাজিদ, ব্যক্তিগত ক্যাটাগরিতে মুহাম্মদ শোয়েব, মোঃ মোহাইমেনুজ্জামান, সাঈদ ইসলাম, খালেদ মোঃ শাহরিয়ায়, আনোয়ারুল ইসলাম, মোঃ এনামুল হক ও আশিকুর রহমান এবং কোম্পানী ক্যাটাগরিতে দ্যা আরএস সফটওয়্যার, এনকোডল্যাবস ইনস, তানভির আইটি সলিউশন্স এবং জোবাদনেট পুরস্কৃত হয়েছেন। আবিস্কারের খোঁজে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ভয়েস গাইডেড ইউটিলিটি রোবট, অ্যাপোড্রেবল মার্কার লেস মোশন ক্যাপচার সলিউশন এবং ডক্টর সফটওয়্যার প্রকল্প। এছাড়া কোড ওয়ারিয়র্স চ্যালেঞ্জে বিজয়ী হয়েছে সার্জ দল ও দ্য ইনক্রিডিবল (অ্যান্ড্রোয়েড), ব্যাড টাইমিং ও মুক্ত এক্সএসএস (পিএইচপি), সাসট ট্রাইঙ্গেল ও স্মার্ট ওয়ারিয়স (ডট নেট) এবং বুয়েট এনপিবডিস ও স্পেকট্রাম ওয়ারিয়র্স (জাভা)।আজ মেলায় ৩.৩০ মিনিটে ডেটাবিজ সফটওয়্যারের আয়োজনে ‘ডিসিশন মেকিং থ্রো বিজনেস ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এই মেলা শুরু হয় ২২ ফেব্রুয়ারি। —ইমাম হাসান