আজ শেষ হচ্ছে সিটি আইটি মেলা
আজ সোমবার শেষ হচ্ছে ১০ দিনের কম্পিউটার মেলা ‘সিটি আইটি ২০১৩’। ‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট বিসিএস কম্পিউটার সিটিতে মেলাটি শুরু হয় ১৪ মার্চ। মাঝে দুই দিন বন্ধ ছিল মেলা। এ ছাড়া নিয়মিতই ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল এই মেলায়। গতকাল রোববারও মেলায় প্রচুর ভিড় দেখা গেছে। বেচাকেনাও হয়েছে ভালো বলে জানালেন একাধিক দোকানি। মেলায় ল্যাপটপের প্রতি মানুষের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এ ছাড়া ভালো বিক্রি হয়েছে ক্যামেরা, মনিটর, ডেস্কটপ কম্পিউটার, নেটবুক, ট্যাবলেট, স্পিকারসহ নানা কিছু। দেশের রাজনৈতিক অস্থিরতার ভেতরেও মেলায় ভালো সাড়া ছিল বলে বিক্রিও হয়েছে আশানুরূপ বলে জানান আয়োজকেরা। সিটি আইটি ২০১৩ মেলার আহ্বায়ক এ এন এম কামরুজ্জামান বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে সমস্যা হয় দেশের অর্থনীতির। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। তবে এর মাঝেও মেলার কারণে অনেক মানুষ প্রযুক্তিপণ্যের বাজারে এসেছেন। কিনেছেন নিজেদের প্রয়োজনীয় পণ্য। যে কারণে আইডিবি ভবনের ব্যবসায়ীরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করি।’ মেলায় প্রতিদিন ছিল নানা ধরনের আয়োজন। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিদিনের প্রবেশ টিকিটের ওপর ছিল র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। প্রতিদিন মেলায় দুজন করে গুণী ব্যক্তিকে দেওয়া হয় সংবর্ধনা। এ ছাড়া ছাড় আর পুরস্কার ঘোষণা করে বিভিন্ন প্রযুক্তিপণ্যের দোকান। মেলার শেষ দিনে আজও পাওয়া যাবে নানা সুবিধা। কিছু কিছু দোকানের সামনে দাঁড়িয়ে কুইজের উত্তর দিয়ে জিতে নিতে পারেন পুরস্কার। —হাসান ইমাম