আজ শেষ হচ্ছে সিটিআইটি মেলা
বিসিএস কম্পিউটার সিটিতে বার্ষিক আয়োজনে ‘সিটিআইটি ২০১১-১২’ মেলা শেষ হচ্ছে আজ। গতকালও মেলায় ছিল দর্শকের ভিড়। নিত্যপ্রয়োজনীয় নানা প্রযুক্তিপণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের শৌখিন প্রযুক্তিপণ্যের ওপরও ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। মেলায় প্রতিটি স্টলে নানা ধরনের পণ্য কিনছে ক্রেতারা। বিভিন্ন প্রযুক্তিপণ্যের সঙ্গে মিলছে আকর্ষণীয় ছাড়। দামে কম ও আকারে ছোট হওয়ায় ডিজিটাল ক্যামেরাই ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে। গতকাল দুপুরে মেলার কেন্দ্রীয় মঞ্চে বিজ্ঞানী রেজাউল করিমকে সংবর্ধনা দেওয়া হয়।এ ছাড়া গতকাল মেলায় স্যামস্যাং ফটো কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে বিজয়ী হয়েছেন জুনায়েদ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম ও অলক দাস। ‘বি’ গ্রুপে বিজয়ী হয়েছেন সায়েক মহির উদ্দিন, ফয়সাল আজীম ও মো. রাশেদ উন নবী। এ ছাড়া বিশেষ প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে গেমিং প্রতিযোগিতার পুরস্কারও দেওয়া হয়। মেলা উপলক্ষে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী সেরা ছবিগুলো মেলার দ্বিতীয় তলায় অবস্থিত সিটিআইটি অফিসে দর্শকদের জন্য প্রদর্শন করা হচ্ছে। মেলার শেষ দিন আজও সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলার পরের দিন থেকে সিটিআইটি বাজার যথারীতি খোলা থাকবে। —নিজস্ব প্রতিবেদক