আজ শেষ হচ্ছে স্মার্টফোন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শেষ হচ্ছে তিনদিনের স্মার্টফোন ও ট্যাবলেট মেলা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলার দ্বিতীয় দিন গতকালও ছিল দর্শকের ভিড়। এক্সপো মেকার আয়োজিত ‘স্মার্টফোন এক্সপো ২০১৩’ শিরোনামের এই আয়োজনে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেটসহ আনুষঙ্গিক নানা পণ্য। রয়েছে টেলিটক বাংলাদেশের বিশেষ স্টল। এতে টেলিটকের থ্রিজি মডেম মেলা উপলক্ষে পাওয়া যাচ্ছে দুই হাজার ২৪০ টাকায় এবং থ্রিজি সিম পাওয়া যাচ্ছে ৭৭০ টাকায়। টেলিটক বাংলাদেশের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, দর্শককে বিশেষ মূল্যে থ্রিজি সুবিধা পৌঁছে দিতে মেলা উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। আজ মেলার শেষ দিনেও এ সুবিধা পাওয়া যাবে।মেলায় স্যামসাং, সিম্ফনি, আসুস, আইফোন, জেডটিইসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাচ্ছে। রয়েছে স্মার্টফোনের জন্য সিকিউরিটি পণ্য ক্যাসপারস্কির প্যাভিলিয়ন। বিভিন্ন পণ্যের ওপর পাওয়া যাচ্ছে ছাড় ও উপহার। মেলায় সাত ইঞ্চি পর্দার কোবি মিড ট্যাবলেট পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকায়, ওক্সেল ব্র্যান্ডের সাত ইঞ্চির ট্যাবলেট পাওয়া যাচ্ছে সাত হাজার ৭৭৭ টাকায়, ৯ দশমিক ৭ ইঞ্চির আরনোভা ট্যাবলেট পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকায়, অ্যান্ড্রয়েড-চালিত সাত ইঞ্চির চাইল্ড প্যাড পাওয়া যাচ্ছে ১২ হাজার টাকায়, সাত ইঞ্চি পর্দার ট্যাবলেটের সঙ্গে ওয়াইফাই রাউটার এবং ট্যাবলেট কেইস একসঙ্গে পাওয়া যাচ্ছে ১৬ হাজার ৭০০ টাকায়। ট্যাবলেটের পাশাপাশি অ্যান্ড্রয়েড-চালিত জেডটিই ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে ১৬ হাজার ৯৯৯ টাকায়। এসবের পাশাপাশি মেলায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্টলে পাওয়া যাচ্ছে মুক্ত সফটওয়্যারের বইসহ বিভিন্ন বই ও সিডি।মেলার সমন্বয়ক বিপ্লব ঘোষ জানান, মেলায় প্রচুর দর্শক আসছে প্রতিদিনই। আর প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই মেলা উপলক্ষে দিয়েছে বিশেষ ছাড় ও উপহারসুবিধা। মেলায় সাতটি প্যাভিলিয়ন ও ১৭টি স্টল রয়েছে। রয়েছে গুগলের স্টলে গুগল ম্যাপ নিয়ে বিশেষ আয়োজন। আজও রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলার বিস্তারিত জানা যাবে www.facebook.com/expo.smartphone ঠিকানায়। —নুরুন্নবী চৌধুরী