আজও বাস্তবায়ন হলো না সিডও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ৩ সেপ্টেম্বর ছিল আন্তর্জাতিক সিডও দিবস। সিডও হলো জাতিসংঘের ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ’ সনদ। ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ সিডও সনদ গ্রহণ করে। এর পাঁচ বছর পর ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার সিডও অনুমোদন করে।
অনুমোদনকালে সরকার ২, ১৩(ক) এবং ১৬.১(গ) ও (চ) ধারা আপত্তিসহ স্বাক্ষর করেছে। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ১৩(ক) ও ১৬.১(চ) ধারা থেকে বাংলাদেশ তার আপত্তি প্রত্যাহার করে নিয়েছে। তবে ধারা ২ এবং ১৬.১(গ) থেকে আপত্তি প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।
কিন্তু অনুমোদনের এত বছর পরও কেন সংরক্ষণ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে না, কেন পূর্ণ বাস্তবায়ন হচ্ছে না? বিশেষজ্ঞরা কী মনে করেন?

সালমা খান
সালমা খান

সালমা খান
সাবেক চেয়ারপারসন
জাতিসংঘ সিডও কমিটি
সিডও সনদের পূর্ণ বাস্তবায়ন কেন হচ্ছে না, এর উত্তরে অনেকেই বলবেন দুটি সংরক্ষণ প্রত্যাহার করার বিষয়টি। যদিও এটি প্রত্যাহার করা জরুরি, তবে এটি শুধু তাত্ত্বিক আইনকে সমৃদ্ধ করবে। রাষ্ট্র যদি দায়বদ্ধতাকে গ্রহণ করে এই সনদ বাস্তবায়নের ব্যবস্থা না করে, তাহলে সিডও সনদের সুফল পাওয়া যাবে না। যে যে পটভূমিতে যে যে সূচকগুলো থাকলে অর্থাৎ উন্নয়নের পূর্বশর্তগুলো দক্ষিণ এশিয়ার মধ্যেআমাদের দেশে সবচেয়ে ভালো। আমরা ১৯৮৪ সালে সিডও সনদ পরিগ্রহণ করেছি, এটি একটি আন্তর্জাতিক চুক্তি। ফলে, একে আইনি সহায়ক হিসেবে মানতে হবে। শুধু একটি বিশেষ দিনে নয়, সারা বছরই গণমাধ্যমসহ সবাইকে সিডও সনদ কেন বাস্তবায়ন হচ্ছে না—এ নিয়ে আলোচনা করতে হবে। আর সরকারকে এই সনদের পূর্ণ অনুমোদন করে দায়বদ্ধ অঙ্গীকারকে পালন করতে হবে।

আয়শা খানম
আয়শা খানম

আয়শা খানম
সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ
সিডও সনদের কোনোটিই বাস্তবায়ন হচ্ছে না, এটি ঠিক নয়। সিডও সনদের সঙ্গে বাংলাদেশের সংবিধানের ধারা ২৬, ২৭, ২৮(১), ২৮(২), ২৮(৩) ও ২৯(৩)(ক) সামঞ্জস্যপূর্ণ। কিন্তু সরকার কেন ধারা ২ থেকে সংরক্ষণ প্রত্যাহার করে নিচ্ছে না, সেটি বুঝতে পারি না। ২০ বছর ধরে জাতিসংঘের সিডও কমিটি ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিটি সরকারের সময়ে বলেছে, যাতে এই সংরক্ষণ প্রত্যাহার করে নেওয়া হয়। আর আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি বিবেচনাধীন। শেষ পর্যন্ত ২০১১ সালের জাতিসংঘের সিডও কমিটির ৪৮তম অধিবেশনে তাঁদের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়, বিবেচনায় না রেখে কবে এটি অনুমোদন করা হবে, সেই সময়টি জানাতে। জাতিসংঘের সদস্য হিসেবে আমাদের উচিত অনুমোদনের চুক্তি অনুযায়ী এই সংরক্ষণ প্রত্যাহার করা। কেননা, সিডও কমিটি আমাদের নারীর ক্ষমতায়ন, তৃণমূল পর্যায়ের নারীদের উদ্যোগী হওয়া, লিঙ্গবৈষম্যসহ নানা কাজের অনেক প্রশংসা করেছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমাদের সংবিধানে আছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আর অনেক ইসলামি দেশেও সিডও সনদের ১৬.১(গ)-এর সংরক্ষণ প্রত্যাহার করা হয়েছে। আমরা নারী উন্নয়ন নীতির পরিকল্পনা করছি। ফলে একটির সঙ্গে আরেকটি যেন বিরোধপূর্ণ না হয়, তাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার হওয়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব এই সংরক্ষণ প্রত্যাহার করে নেওয়া।

সালমা আলী
সালমা আলী

সালমা আলী
নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি
এত বছরেও সিডও সনদের পূর্ণ বাস্তবায়ন হলো না! উপরন্তু মৌলবাদীদের দ্বারা আমরা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছি, যা সিডও সনদের সংরক্ষিত দুটি ধারা প্রত্যাহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি জাতিসংঘের সিডও কমিটির তিন-চারটি অধিবেশনে অংশ নিয়েছি। সেখানে সরকার সিডও সনদের ওপর সংরক্ষণ প্রত্যাহারের অঙ্গীকার করে এসেছে এবং সিডও কমিটিও তাদের সুপারিশগুলো বলেছেন। ফলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা যুগোপযোগী বিভিন্ন আইন পেয়েছি, এর মধ্যে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০), মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ বিশেষভাবে উল্লেখযোগ্য। সিডও সনদ অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে কোনো ধরনের সংরক্ষণ ছাড়াই সনদটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। অনেক মুসলিম রাষ্ট্র সনদটির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রগতিশীল পদক্ষেপ নিয়েছে, তাহলে আমরা কেন এত পিছিয়ে যাচ্ছি?

তারানা হালিম
তারানা হালিম

তারানা হালিম
আইনজীবী ও সাংসদ
সিডও সনদের মূলধারার সঙ্গে বাংলাদেশের সংবিধানের অনেকগুলো ধারা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এখনো আমরা এই আন্তর্জাতিক চুক্তিবদ্ধ দলিলের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন করতে পারিনি। আমি মনে করি, সিডও সনদের ধারা ২ এবং ১৬.১(গ) থেকে আমাদের সংরক্ষণ প্রত্যাহার করার মতো অবস্থা তৈরি হয়েছে। জনস্বার্থে বিভিন্ন নারী সংগঠনের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিভিন্ন রুলিং নারী ক্ষমতায়নে সহায়ক হয়েছে। সংসদে নারীদের সংরক্ষিত আসন বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া সিডও সনদ অনুযায়ী আমরা পারিবারিক সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ আইন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, হেল্পলাইন, নারী উন্নয়ন নীতি, হিন্দু নারীদের বিয়ে ঐচ্ছিক নিবন্ধন, মাতৃত্বকালীন ছুটি, গ্রাম আদালত আইন, আইনি সহায়তা তহবিল আইন ২০০৬, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, মাতার নাগরিকত্বে সন্তানের নাগরিকত্ব আইনসহ বেশ কয়েকটি আইন করতে পারলেও এখন পর্যন্ত সম্পত্তিতে নারী-পুরুষের সমতা ও অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে পারিনি। বর্তমান সরকার এই বিষয়ে পদক্ষেপও নিয়েছিল, কিন্তু উগ্র মৌলবাদীদের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। আমি আশা করব, নির্বাচনের আগে সিডওর দুটি ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করে নেওয়া হবে। আর এ বিষয়ে শুধু সরকার নয়, সব সংস্থা ও নারীকে এগিয়ে আসতে হবে। নিজের অধিকার সম্পর্কে জানতে হবে। গত কয়েক মাসের পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছি, উগ্র মৌলবাদীরা নানাভাবে নারীদের নিয়ে অপপ্রচার করে নারীর অগ্রগতিকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমাদের রাজনৈতিক চিন্তাধারার ঊর্ধ্বে উঠে নারী ইস্যুতে এক হতে হবে। আরেকটি বিষয় আমার ভালো লেগেছে, তা হলো সিডও কমিটি থেকে সময় বেঁধে দিয়েছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কতখানি কাজ বাস্তবায়ন হলো সেটি জানানো হয়। আর সিডও লক্ষ্যসমূহ অর্জনের জন্য বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ ও আইনপ্রণেতাদের সম্পৃক্ত করার কথা তারা বলেছে।

গ্রন্থনা: তৌহিদা শিরোপা